ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই আড়ালে থাকতে পছন্দ করেন অভিনেত্রী কুসুম শিকদার। বিয়ে, সংসার কিংবা ভালোবাসার মানুষদের নিয়ে প্রকাশ্যে খুব একটা কথা বলেন না তিনি। ফলে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল রয়েছে। বিশেষ করে বিয়ে নিয়ে প্রায়ই প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে।
সম্প্রতি একটি টেলিভিশনের তারকাড্ডায় অংশ নিয়ে বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন কুসুম। জানিয়েছেন, তিনি ভালো আছেন, সুখে আছেন এবং নিজের মতো করে স্বাধীন জীবনযাপন করছেন।
‘আমার বয়সটা দেখুন’
বিয়ে নিয়ে বারবার প্রশ্ন করা ব্যক্তিদের উদ্দেশে কুসুম বলেন, ‘আমি হ্যাপি আছি, আমি স্বাধীন আছি। আমি তো এটাই সব সময় বলি। যারা বারবার জানতে চান, বিয়ে কবে খাওয়াব, তাদের উদ্দেশে বলব, আমার বয়সটা দেখুন। আপনারা আসলে অনেক কিছু মিস করে ফেলেছেন, যেগুলো আপনাদের গবেষণা করে জানা দরকার। এটা আপনাদের দায়িত্ব।’
নিজের ব্যক্তিগত জীবন আড়ালে রাখার কারণও ব্যাখ্যা করেছেন এই অভিনেত্রী। তাঁর মতে, পেশাগত ও ব্যক্তিগত জীবনকে কখনোই এক করে দেখতে চান না তিনি। ব্যক্তিগত জীবনের কাছের মানুষদের অযাচিত আলোচনা থেকে দূরে রাখতেই এ বিষয়ে বেশি কথা বলেন না।
কুসুম বলেন, ‘আমি কখনোই চাই না, আমার পেশাগত জীবন ও ব্যক্তিগত জীবন এক হয়ে যাক। আমার কাছের মানুষ, ভালোবাসার মানুষদের হয়তো আমার চেয়ে চার-পাঁচজন কম চেনে। কিন্তু তারা নিজেদের জায়গায় তারকা, নিজ নিজ ক্ষেত্রে সফল। আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে তাদের নিয়ে এমন কোনো আলোচনা হোক, যেটা সাধারণত আমাদের মতো পরিচিত মুখদের নিয়ে হয়, তা আমি চাই না। এ জন্যই অনেক কিছু স্পষ্ট করে বলি না।’
ভালোবাসার মানুষ প্রসঙ্গে
নিজের ভালো থাকার প্রসঙ্গে কুসুম আরও বলেন, তাঁর জীবনে বাবাসহ যেসব পুরুষের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটিই তাঁর ভালোবাসার মানুষ ও সবচেয়ে কাছের।
তার ভাষায়, ‘আমি ভালো আছি, সুখে আছি। আমার জীবনে আমার বাবাসহ যেসব পুরুষের কারণে আমার জন্ম হয়েছে, তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যিনি পালন করেছেন, সেই মানুষটিই আমার ভালোবাসার মানুষ, আমার কাছের মানুষ। কারণ, সেই মানুষটি না থাকলে আসলে কুসুম শিকদারেরই জন্ম হতো না।’
নেতিবাচক মানুষ এড়িয়ে চলা
জীবনে নেতিবাচক মানুষ ও পরিস্থিতি এড়িয়ে চলার বিষয়েও কথা বলেছেন কুসুম। একসময় অন্যের কথায় মানসিক চাপ অনুভব করলেও এখন নিজেকে সামলাতে শিখেছেন তিনি। কারা তাঁর জন্য নেতিবাচক হতে পারেন, তা বুঝে তাদের কাছ থেকে দূরত্ব বজায় রাখেন।
কুসুমের ভাষ্য, ‘নেতিবাচক শক্তি আমি গ্রহণ করি না। যেসব মানুষ আমাকে মানসিক চাপ দিতে পারে, তাদের আমি চিনি। নতুন কারও সঙ্গে পরিচয় হলেও ধীরে ধীরে বুঝতে পারি, সে আমাকে মানসিক চাপ দিতে পারে কি না। এ ধরনের মানুষ থেকে যতটা সম্ভব দূরে থাকি। কম মিশি, কখনো মিশিই না। যেসব আড্ডা বা অনুষ্ঠানে গেলে নানা প্রশ্নের মুখোমুখি হতে হবে, সেখানেও যাই না। আমি যদি কাউকে নিজের কাছে আসার সুযোগই না দিই, তাহলে সে আমাকে পাবে কীভাবে? এভাবেই নিজেকে সামলে রাখতে হয়।’
ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহল থাকলেও নিজের মতো করে বাঁচতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন কুসুম শিকদার। আর সে কারণেই পেশাগত পরিচয়ের বাইরে ব্যক্তিগত পরিসরটুকু বরাবরই নিজের মতো করে আগলে রাখতে চান এই অভিনেত্রী।
Source: জাগো নিউজ২৪






