দেশীয় টেলিভিশনের ইতিহাসে সবচেয়ে আলোচিত কমেডি ধারাবাহিকগুলোর একটি মোস্তফা সরয়ার ফারুকীর ‘৪২০’। রাজনৈতিক বিদ্রূপের ওপর নির্মিত ২০০৭ সালে প্রচারিত এই ধারাবাহিকটি দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল। দীর্ঘ বিরতির পর ২০২৪ সালে এর সিক্যুয়েল ‘৮৪০’ নিয়ে হাজির হন নির্মাতা। এবার সেই সিরিজের তৃতীয় কিস্তি নির্মাণের ইঙ্গিত দিলেন ফারুকী। অর্থাৎ, ‘৮৪০’-এর পর আসতে পারে ‘১৬৮০’।

রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘৪২০’-এর অন্যতম প্রধান অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে একটি ছবি প্রকাশ করেন মোস্তফা সরয়ার ফারুকী। ছবিটি প্রকাশের পর থেকেই নতুন কোনো কাজের শুটিংয়ে তাঁদের একসঙ্গে দেখা গেছে কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়।

পোস্টের ক্যাপশনে কিছুটা রহস্য রেখে নির্মাতা লেখেন, ‘৪২০ হইছে। ৮৪০ও ডান। টাইম ফর ১৬৮০? সম্মানিত গাইজ?’

ফারুকীর এই পোস্টের পর দর্শকদের ধারণা, ‘৪২০’ ও ‘৮৪০’-এর ধারাবাহিকতায় এবার ‘১৬৮০’ নির্মাণের পরিকল্পনা করছেন তিনি। আর সেই প্রকল্পে মোশাররফ করিমকেও দেখা যেতে পারে। তবে নতুন কাজটি সিনেমা, নাকি ধারাবাহিক—সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট তথ্য দেননি নির্মাতা।

নতুন প্রকল্পের বিষয়ে জানতে চাইলে ঢাকা পোস্টের কাছেও বিস্তারিত জানাতে রাজি হননি ফারুকী। বিষয়টি নিয়ে রহস্য বজায় রেখে তিনি বলেন, ‘আমি ফেসবুকে যতটুকু লিখেছি, ওটাই। এর চেয়ে বেশি আমি এখনই বলতে চাচ্ছি না।’

উল্লেখ্য, ‘৪২০’ ধারাবাহিকের গল্প আবর্তিত হয়েছিল দুই চোরকে ঘিরে। ঢাকায় এসে নানা ঘটনার মধ্য দিয়ে তাঁরা জড়িয়ে পড়েন রাজনীতির সঙ্গে। এতে অভিনয় করেছিলেন মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, লুৎফর রহমান জর্জ, সোহেল খান ও মারজুক রাসেলসহ অনেকে।

এর দীর্ঘদিন পর ২০২৪ সালে ‘৮৪০’ নির্মাণ করেন ফারুকী। ক্ষমতাচ্যুত রাজনৈতিক নেতৃত্বের প্রেক্ষাপটে তৈরি এই সিনেমায় অভিনয় করেন নাসির উদ্দিন খান, ফজলুর রহমান বাবু, শাহরিয়ার নাজিম জয়, মারজুক রাসেল ও জাকিয়া বারী মমসহ আরও অনেকে।

‘৪২০’ ও ‘৮৪০’-এর পর এবার ‘১৬৮০’ নিয়ে ফারুকীর ইঙ্গিত দর্শকদের মধ্যে নতুন আগ্রহ তৈরি করেছে। তবে প্রকল্পটির আনুষ্ঠানিক ঘোষণা ও বিস্তারিত জানার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। তথ্যসূত্র: জাগো নিউজ বিনোদন।

Source: জাগো নিউজ২৪