বয়স ৮৪ হলেও কাজের ব্যস্ততায় ভাটা পড়েনি বলিউডের ‘শাহেনশা’ অমিতাভ বচ্চনের। একের পর এক কাজ সামলানোর পাশাপাশি শরীরচর্চার অভ্যাসও ধরে রাখার চেষ্টা করছেন তিনি। তবে ব্যস্ততার চাপ আর বয়সের প্রভাব এবার তাঁর ঘুমে প্রভাব ফেলছে। অনিদ্রা, শারীরিক সীমাবদ্ধতা এবং দৈনন্দিন জীবনের নানা অভিজ্ঞতার কথা সম্প্রতি নিজের ব্লগে তুলে ধরেছেন এই অভিনেতা।
গত ২ নভেম্বরের ব্লগে অমিতাভ জানান, আগের রাতে ব্লগ লেখা উচিত ছিল—এমন চিন্তা মাথায় ঘুরতে থাকায় স্বাভাবিক সময়ের আগেই তাঁর ঘুম ভেঙে যায়। এরপর আবার ঘুমিয়ে পড়ার জন্য নানা পদ্ধতি অবলম্বন করেও বিশেষ লাভ হয়নি। শেষে স্বাভাবিক উপায়েই ঘুমানোর চেষ্টা করেন তিনি। কম্বলের মধ্যে নিজেকে মুড়িয়ে ভ্রূণের মতো গুটিসুটি মেরে শুয়ে পড়েন। এতে যদি কিছুটা ঘুম আসে, সেই আশাই করেছিলেন অভিনেতা।
শুধু ঘুমের সমস্যাই নয়, ব্লগ লেখার সময়ও নতুন এক সমস্যার মুখোমুখি হচ্ছেন অমিতাভ। লেখার অক্ষরের আকার ছোট-বড় করা নিয়ে ঝামেলায় পড়েছেন তিনি। কীভাবে এই সমস্যার সমাধান করবেন, তা বুঝে উঠতে পারছেন না। এ বিষয়ে কারও কাছ থেকে পরামর্শও চেয়েছেন অভিনেতা। তাঁর কথায়, ‘ব্লগ লেখার সময়ে অক্ষরের আকার নিয়ে সমস্যায় পড়ছি। কেউ যদি জানেন কীভাবে ঠিক করতে হয়, তাহলে বুঝিয়ে দেবেন। গুগলে খুঁজেও নির্দেশগুলো বুঝতে পারিনি।’
সকালের অভিজ্ঞতা নিয়েও ব্লগে লিখেছেন অমিতাভ। বারবার হাই ওঠার প্রসঙ্গ টেনে শরীরে অক্সিজেনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন তিনি। তবে হাই উঠলেও পর্যাপ্ত ঘুম হচ্ছে না বলে জানিয়েছেন এই অভিনেতা।
এদিকে শারীরচর্চার অভ্যাসেও ছেদ পড়েছে বলে জানিয়েছেন অমিতাভ। মনের ইচ্ছা থাকলেও শরীর সব সময় সায় দিচ্ছে না। নিজের মনের প্রত্যাশা ও শরীরের সীমাবদ্ধতার কথা তুলে ধরে তিনি লেখেন, ‘মন বলে, হ্যাঁ, পারব। কিন্তু শরীর বলে, একটু থামো বন্ধু!’
বয়সের সঙ্গে পাল্লা দিয়ে কাজের ব্যস্ততা ধরে রাখার চেষ্টা করছেন অমিতাভ। তবে সাম্প্রতিক ব্লগে তাঁর অনিদ্রা ও শারীরিক সীমাবদ্ধতার অভিজ্ঞতা ভক্তদের সামনে অভিনেতার জীবনের অন্য এক দিক তুলে ধরেছে।
Source: জাগো নিউজ২৪






