আগামী ২০ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে অভিনেত্রী আশনা হাবিব ভাবনার অভিনীত সিনেমা ‘যাপিত জীবন’। সিনেমাটির দ্বিতীয় পোস্টার প্রকাশের খবর জানিয়ে দর্শকদের প্রেক্ষাগৃহে এসে ছবিটি দেখার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা জানান ভাবনা। তথ্যসূত্র: জাগো নিউজ বিনোদন।

পোস্টে অভিনেত্রী লেখেন, ‘যাপিত জীবন’ এমন একটি সিনেমা, যা পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে উপভোগ করা যাবে। এটি দেশের গল্প, ভাষার গল্প এবং মানুষের জীবনের গল্প।

সিনেমাটি নির্মাণে যুক্ত সবার শ্রম, ভালোবাসা, স্বপ্ন ও স্মৃতির কথা তুলে ধরে ভাবনা উল্লেখ করেন, খুব যত্ন ও মায়া দিয়ে তাঁরা সিনেমাটি নির্মাণ করেছেন। দর্শক প্রেক্ষাগৃহে এসে গল্পটির সঙ্গে যুক্ত হলেই তাঁদের পরিশ্রম সার্থক হবে।

তিনি আরও লেখেন, ২০ নভেম্বর থেকে সিনেমাটির গল্প দর্শকদের হাতে তুলে দেওয়া হবে। দর্শকরা ভালোবাসা দিয়ে ছবিটি গ্রহণ করবেন—এমন প্রত্যাশায় তাঁরা অপেক্ষা করছেন।

পোস্টের শেষাংশে দর্শকদের উদ্দেশে ভাবনা লেখেন, দেখা হচ্ছে আপনাদের পাশের প্রেক্ষাগৃহে। আমাদের গল্প, আপনাদের গল্প—‘যাপিত জীবন’।

Source: জাগো নিউজ২৪