ঢালিউডের সিনিয়র অভিনেত্রী চম্পার সঙ্গে কাজের অভিজ্ঞতা ও তাঁর ব্যক্তিত্ব নিয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন চিত্রনায়ক ওমর সানী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে চম্পার সঙ্গে নিজের একটি ছবি প্রকাশ করে এই অভিনেতা অভিনেত্রীকে নিয়ে নিজের অনুভূতির কথা জানান।
ছবিটির সঙ্গে দেওয়া স্ট্যাটাসে ওমর সানী লেখেন, ‘সু-অভিনেত্রী চম্পা। তার সঙ্গে কয়েকটা ছবি আমি করেছি। ভীষণ ভালো মনের মানুষ। তার সঙ্গে অভিনয়ে আমার ভালো একটা কেমিস্ট্রি ছিল। এত পাংচুয়াল আর্টিস্ট আমি কম দেখেছি। সব সময় ভালো থাকবেন ম্যাডাম।’
দীর্ঘদিন ধরে ঢালিউডে অভিনয় করে আসছেন চম্পা। অন্যদিকে অভিনয় দিয়ে দর্শকের কাছে পরিচিত মুখ ওমর সানীও। বয়স ও অভিজ্ঞতা—দুই দিক থেকেই ওমর সানীর চেয়ে সিনিয়র চম্পা। তবুও দুজনে কয়েকটি ছবিতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন। এর মধ্যে ‘কালপুরুষ’ ও ‘ছিনতাই’ উল্লেখযোগ্য।
সিনিয়র অভিনেত্রীর বিপরীতে নায়ক হিসেবে কাজ করার অভিজ্ঞতা যেমন ওমর সানী উপভোগ করেছেন, তেমনি বিষয়টি উপভোগ করেছেন তাঁর ভক্তরাও। একজন ভক্ত মন্তব্যে লেখেন, ‘আপনার তো রাজ কপাল, বয়সে বড় নায়িকাদের সাথে অভিনয় করেছেন।’ ওই মন্তব্যের অবশ্য কোনো জবাব দেননি ওমর সানী।
তথ্যসূত্র: জাগো নিউজ বিনোদন
Source: জাগো নিউজ২৪






