অভিনয় থেকে কিছুটা বিরতিতে থাকলেও নির্মাণকাজে সক্রিয় ছিলেন চিত্রনায়িকা শবনম বুবলী। এর মধ্যে প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করেছেন তিনি। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান বিগ প্রোডাকশন থেকে নির্মিত হয়েছে ‘ঠিকানা’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। তাহসিন রিফাতের চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন মুরসালিন সরকার।
সেই চলচ্চিত্রটি আগামী বছরের ৯ জানুয়ারি শুরু হতে যাওয়া ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৫তম আসরের ‘প্যানোরামা ট্যালেন্ট’ বিভাগে নির্বাচিত হয়েছে। এ খবরের পর এবার আরেকটি নতুন খবর দিলেন বুবলী—এবার তিনি সরাসরি সিনেমার গানে কণ্ঠ দিতে যাচ্ছেন। ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমায় প্লেব্যাক করবেন এই অভিনেত্রী।
এর আগে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে গান গেয়ে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন বুবলী। এরপর সিনেমার গানে কণ্ঠ দেওয়ার সুযোগ আসছে তাঁর সামনে। ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমায় বুবলীকে দিয়ে প্লেব্যাক করানোর ভাবনা কীভাবে এল, সেই প্রসঙ্গে নির্মাতা জাহিদ হোসেন জানান, সিনেমায় বেশ কিছু রিচুয়াল গান রয়েছে। শুটিংয়ের সময় ডেমো গান শুনে বুবলীর বেশ ভালো লাগে। তখনই তাঁকে গানগুলোতে কণ্ঠ দেওয়ার প্রস্তাব দেন তিনি।
জাহিদ হোসেন আরও জানান, এর আগে তাঁর ‘মাতৃত্ব’ সিনেমার রিচুয়াল গানে মৌসুমী কণ্ঠ দিয়েছিলেন। সেই অভিজ্ঞতা থেকেই তাঁর মনে হয়েছিল, বুবলীর কণ্ঠে গানগুলো ভালো লাগবে। তিনি আরও জানান, রিচুয়াল গানের পাশাপাশি বুবলীকে দিয়ে একটি পূর্ণাঙ্গ মৌলিক গান করানোর পরিকল্পনাও রয়েছে তাঁর। সেই প্রস্তাবে সম্মতি দিয়েছেন বুবলী। গান তৈরির কাজ প্রায় শেষ হয়েছে এবং আগামী ডিসেম্বরে তার কণ্ঠে গানটি রেকর্ড করার কথা রয়েছে।
পুরান ঢাকার মানুষ, সমাজ ও সংস্কৃতিকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘ঢাকাইয়া দেবদাস’। এটি মূলত প্রেমের গল্পের সিনেমা। দুজন মানুষের সম্পর্কের মধ্য দিয়ে উঠে আসবে পুরান ঢাকার ঐতিহ্য ও জীবনযাপন। সিনেমাটিতে বুবলীর বিপরীতে অভিনয় করছেন আদর আজাদ। এটি এই জুটির চতুর্থ সিনেমা। এছাড়া আরও অভিনয় করছেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম ও রাশেদ মামুন অপু।
মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগে গত জানুয়ারিতে সাকরাইন উৎসবের সময় সিনেমাটির প্রথম লটের শুটিংয়ে অংশ নিয়েছিলেন বুবলী। পরিচালক জানিয়েছেন, আগামী ১৫ জানুয়ারি থেকে পুরান ঢাকায় শুরু হতে যাওয়া নতুন লটের শুটিংয়ের মধ্য দিয়ে আবারও ক্যামেরার সামনে ফিরবেন তিনি।
Source: জাগো নিউজ২৪






