ইতালীয় অভিনেত্রী মনিকা বেলুচ্চির অভিনয়জীবনের অন্যতম আলোচিত সিনেমা ‘মালেনা’। ২০০০ সালে মুক্তি পাওয়া এই ছবিতে বেশ কিছু খোলামেলা দৃশ্যে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ছবির সেই দৃশ্যগুলো নিয়ে আলোচনা থামেনি। সম্প্রতি নগ্ন দৃশ্যে অভিনয় এবং চরিত্রের প্রয়োজনে শরীরী উপস্থিতির গুরুত্ব নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন এই অভিনেত্রী।
মনিকা বেলুচ্চির মতে, নগ্নতা কোনো চরিত্রকে জীবন্ত করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে তা কখনোই কেবল শরীর প্রদর্শনের মাধ্যম হওয়া উচিত নয়। বরং চরিত্রের প্রয়োজন অনুযায়ী এটি অভিনয়ের একটি উপকরণ হিসেবে ব্যবহৃত হতে পারে বলে মনে করেন তিনি।
এ প্রসঙ্গে মনিকা বলেন, ‘আমি ফ্যাশন জগৎ থেকে এসেছি। তাই আগে থেকেই নিজের শরীর নিয়ে একধরনের স্বাধীনতা ও স্বাচ্ছন্দ্য ছিল। ফ্যাশনে কাজ করার অভিজ্ঞতা আমাকে এ ক্ষেত্রে সাহায্য করেছে।’
উল্লেখ্য, জুসেপ্পে তর্নাতোরে পরিচালিত ‘মালেনা’ সিনেমার পটভূমি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার সিসিলি। এতে এক তরুণীর সৌন্দর্যকে ঘিরে একটি ছোট শহরের মানুষের আকাঙ্ক্ষা, ঈর্ষা ও সহিংসতার গল্প তুলে ধরা হয়েছে। ছবিটিতে অভিনয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আরও পরিচিতি পান মনিকা বেলুচ্চি। ৭৩তম অস্কারে সিনেমাটি দুটি বিভাগে মনোনয়ন পেয়েছিল।
তথ্যসূত্র: জাগো নিউজ বিনোদন
Source: জাগো নিউজ২৪






