প্রায় ১১ বছর বিরতির পর আবার সিনেমার সংগীত পরিচালনায় ফিরছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী। সর্বশেষ ২০১৫ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা নারগিস আক্তারের ‘পুত্র এখন পয়সাওয়ালা’ সিনেমার সংগীত পরিচালনা করেছিলেন তিনি। এবার একই নির্মাতার নতুন চলচ্চিত্র ‘জাত’-এর সংগীত পরিচালনার দায়িত্ব নিয়েছেন এই শিল্পী।
২০২৩-২৪ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া সিনেমাটি ‘জাত’ নামে নির্মাণ করবেন নারগিস আক্তার। এই ছবির প্রযোজক হিসেবে রয়েছেন প্রয়াত কিংবদন্তি অভিনেতা মান্নার স্ত্রী শেলী কাদের।
এখনো আনুষ্ঠানিকভাবে সিনেমাটির অভিনয়শিল্পীদের নাম ঘোষণা করা হয়নি। তবে নিশ্চিত হওয়া গেছে, সিনেমাটির গান তৈরির জন্য রবি চৌধুরীকে বেছে নিয়েছেন প্রযোজক শেলী কাদের।
দীর্ঘদিন পর সিনেমার সংগীত পরিচালনায় ফিরতে পেরে উচ্ছ্বসিত রবি চৌধুরী। তিনি জাগো নিউজকে বলেন, ‘নতুন প্রজন্মের শিল্পীদের দিয়ে গানগুলো গাওয়ানোর ইচ্ছা আছে। যার কণ্ঠে ভালো মানাবে, তাকেই বেছে নেওয়া হবে। নির্মাতার সঙ্গে আলাপ করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেব। কোনো গানে যদি আমার কণ্ঠ ভালো লাগে নির্মাতার, তাহলে আমার গানও থাকতে পারে।’
সিনেমার সংগীত পরিচালনায় দীর্ঘ বিরতির কারণ জানিয়ে এই শিল্পী বলেন, ‘সিনেমার গানে সিন্ডিকেটের কথা মোটামুটি সবাই জানে। আমি কখনো সিন্ডিকেটের অংশ হতে চাই না। ৩৬ বছরের সংগীত ক্যারিয়ারে সিন্ডিকেট ছাড়াই গান করে যাচ্ছি। এ কারণেই সিনেমার সংগীত পরিচালনায় এই গ্যাপ।’
তিনি আরও জানান, অভিনেত্রী রোজিনার পরিচালিত একটি সিনেমায় কাজ করার কথা থাকলেও করোনায় আক্রান্ত হওয়ায় তখন আর তা সম্ভব হয়নি। নতুন করে সিনেমার গান তৈরির সুযোগ পেয়ে ভালো লাগছে তার। দর্শকদের ভালো গান উপহার দেওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেছেন এই শিল্পী।
এখন থেকে নিয়মিত সিনেমার সংগীত পরিচালক হিসেবে কাজ করবেন কি না—এমন প্রশ্নে রবি চৌধুরী বলেন, বিষয়টি নির্মাতাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। কোনো নির্মাতা তাকে যোগ্য মনে করলে অবশ্যই কাজ করবেন।
Source: জাগো নিউজ২৪






