বাউলগানের পরিচিত মুখ শাহ আলম সরকার। দীর্ঘদিন ধরে গান লেখা, সুর করা ও সংগীত পরিবেশনার সঙ্গে যুক্ত তিনি। এবার সংগীতের পরিচিত পরিসর পেরিয়ে প্রথমবারের মতো সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এই বাউলশিল্পী। জাজ মাল্টিমিডিয়ার নতুন সিনেমা ‘জানোয়ার (দ্য বিস্ট)’ দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে তার। বিষয়টি জাগো নিউজকে নিজেই নিশ্চিত করেছেন শিল্পী।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সিনেমাটির গল্প আমারই লেখা। গল্পের ভাবনা থেকেই সিনেমাটির সঙ্গে যুক্ত হওয়া। শুধু গল্প লেখাই নয়, এবার প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিনয়ও করছি। সিনেমাটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে আমাকে। লেখালেখির পাশাপাশি অভিনয়ের অভিজ্ঞতাও আমার জন্য একেবারেই নতুন। সব মিলিয়ে সিনেমাটি নিয়ে আমি বেশ আশাবাদী।’
সিনেমাটিতে অভিনয়ের পাশাপাশি গানও গেয়েছেন শাহ আলম সরকার। লিখেছেন একাধিক গান, দিয়েছেন সুরও। ফলে ‘জানোয়ার’-এর সঙ্গে তার সম্পৃক্ততা একাধিক জায়গায়।
সিনেমাটি নির্মাণের পরিকল্পনা শুরু হয়েছিল ২০২১ সালে। তবে গল্পের গুরুত্বপূর্ণ অংশজুড়ে দেশি রাস্তার কুকুরের উপস্থিতি থাকায় নির্মাণকাজে জটিলতা তৈরি হয়। গল্পের প্রায় ৭০ শতাংশ দৃশ্যেই এসব কুকুরের প্রয়োজন ছিল। প্রশিক্ষিত দেশি কুকুর খুঁজে না পাওয়ায় একপর্যায়ে সিনেমাটির কাজ স্থগিত রাখতে বাধ্য হয় প্রযোজনা প্রতিষ্ঠান। পরবর্তী সময়ে তরুণ নির্মাতা জাহিদ জুয়েলের সঙ্গে আলোচনার পর নতুন করে সিনেমাটির কাজ শুরু হয়। প্রতিষ্ঠিত তারকাদের পরিবর্তে গল্পের চরিত্রের সঙ্গে মানানসই অভিনয়শিল্পীদের নিয়ে কাজ করার পরিকল্পনা করেন পরিচালক। দীর্ঘ কয়েক মাসের চেষ্টায় নবাগত অভিনয়শিল্পীদেরও যুক্ত করা হয় সিনেমাটিতে।
১৯৬৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত সময়কে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘জানোয়ার’। গল্পের একটি গুরুত্বপূর্ণ অংশে রয়েছে ১৯৬৫ সালের সদরঘাটের জেটির প্রেক্ষাপট। সে সময়ের পরিবেশ ও বিভিন্ন দৃশ্য পর্দায় তুলে ধরতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ভিজ্যুয়াল ইফেক্টসের (ভিএফএক্স) সহায়তা নেওয়া হয়েছে।
সিনেমাটিতে চারজন নবাগতসহ মোট ১৫০ জন অভিনয়শিল্পী কাজ করছেন। নবাগতদের মধ্যে রয়েছেন সাজ ও আবন্তিকা। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অবন্তী, নুসরাত, আলিশা, নাদের চৌধুরী, শিবা সানু, জয়, নাজমুল, শুভ্র মেরাজ, রাকা পপি ও শাহ আলম সরকারসহ অনেকে। সিনেমাটির কাহিনি ও সংলাপ লিখেছেন শাহ আলম সরকার ও আবদুল আজিজ। প্রযোজনায় রয়েছে জাজ মাল্টিমিডিয়া। শিগগিরই সিনেমাটির প্রধান অভিনয়শিল্পীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়ার কথা জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানটি।
তথ্যসূত্র: জাগো নিউজ
Source: জাগো নিউজ২৪






