কুমিল্লার দেবিদ্বারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের দিয়ে মিছিল করানোর ঘটনায় যুবলীগ নেতা সাদ্দাম মুন্সীকে ধরেছে পুলিশ। গোপন খবরের ভিত্তিতে সোমবার (১০ আগস্ট) দুপুর পৌনে ১২টায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাদ্দাম মুন্সী ছোটশালঘর এলাকার হুমায়ুন কবিরের ছেলে। উপজেলার বড়শালঘর ইউনিয়ন যুবলীগের সভাপতি পদে প্রার্থী তিনি।

গত ৬ আগস্ট সকালে উপজেলার ছোট শালঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের নিয়ে মিছিলটি করেন সাদ্দাম; এর ছবি-ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে সমালোচনা শুরু হয় এবং তিনি আত্মগোপনে যান।

দেবিদ্বার থানার সাব-ইন্সপেক্টর পাভেল মল্লিকের নেতৃত্বে অভিযান চালানো হয়। থানা সূত্র জানায়, নাশকতার মামলা ছাড়াও তিনি চারটি মামলার চার্জশিটভুক্ত আসামি।

দেবিদ্বার থানার ওসি মনিরুজ্জামান জানান, সম্প্রতি ইউসুফপুরে নিষিদ্ধ সংগঠনটির এক মিছিলেও সাদ্দামের অংশ নেওয়ার প্রমাণ মিলেছে। শিশুদের দিয়ে মিছিল করানোর পর থেকে পলাতক সাদ্দাম সোমবার বাড়ি ফিরলে তাকে ধরা হয়।