আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে আট বিষয়ে আহ্বান জানিয়েছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। নির্বাচনকে সন্ত্রাস, পেশিশক্তি, কালো টাকা, প্রশাসনের প্রভাব ও দলীয় হস্তক্ষেপ থেকে দূরে রাখারও দাবি তুলেছে দলটি।
সোমবার (৩১ আগস্ট) দলের মহাসচিব মাওলানা মূসা বিন ইযহার এবং ভারপ্রাপ্ত আমির মাওলানা আবদুল কাইয়ূম সুবহানী যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান। বিবৃতিটি পাঠান দপ্তর সচিব মুফতি দীনে আলম হারুনী।
নেতারা বলেন, স্থানীয় সরকার নির্বাচন কেবল জনপ্রতিনিধি বাছাইয়ের আনুষ্ঠানিকতা নয়; এটি মানুষের গণতান্ত্রিক অধিকার ও তৃণমূলে জবাবদিহিমূলক নেতৃত্ব গড়ার বড় মাধ্যম। তাই ভোটাধিকার নিশ্চিত করা সরকার, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সব পক্ষের সাংবিধানিক কর্তব্য বলে মত দেন তারা।
তাদের মতে, জুলাইয়ের পর মানুষ কেবল ক্ষমতার হাতবদল নয়, ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক ও মানবিক রাষ্ট্র চেয়েছে, তাই অতীতের বিতর্কিত নির্বাচনী সংস্কৃতি ছেড়ে প্রতিটি ভোটে জনগণের রায়কে সর্বোচ্চ মর্যাদা দিতে হবে। নির্বাচিত প্রতিনিধিদের জনগণের অধিকার ও কল্যাণে দায়বদ্ধ থেকে কাজ করার আহ্বানও জানান তারা।






