জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রশ্নে বিরোধী দলগুলোর উদ্দেশে কড়া বার্তা দেওয়ার পর রসিকতার সুরে সংসদে বক্তব্য শেষ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশনে তিনি সব দলের সহযোগিতা চান এবং সংবিধান সংশোধন কমিটিতে যোগ দিয়ে মতামত তুলে ধরার আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সনদ বাস্তবায়নে বিএনপির অবস্থান সব সময়ই ইতিবাচক ছিল। কিন্তু সহযোগিতা না করে আগে সব দাবি মেনে নেওয়ার শর্ত জুড়ে দেওয়া, তার পরও কমিটিতে না আসাকে প্রকৃত সহযোগিতা বলা চলে না বলে মন্তব্য করেন তিনি।

বিরোধী সদস্যদের কমিটিতে আসার অনুরোধ জানিয়ে তিনি বলেন, তাদের সব বক্তব্য লিপিবদ্ধ হয়ে প্রতিবেদনে থাকবে এবং জাতি তা জানতে পারবে। তার মতে, কমিটিতে নানা বিষয়ে মতভিন্নতা যেমন থাকতে পারে, তেমনি কোনো কোনো প্রস্তাবে ঐকমত্যও হতে পারে; নতুন কোনো বিষয় সংবিধানে যোগ করার প্রস্তাব এলে তাও গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে।

সংশোধন প্রক্রিয়াকে উন্মুক্ত বলে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ জানান, বিরোধীরা যখনই অংশ নেবেন, তাদের স্বাগত জানানো হবে। সনদ পুরোপুরি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত বিদ্যমান বিধান মেনেই এগোনো হবে বলেও জানান তিনি।

বক্তব্যের শেষ দিকে বিরোধী সদস্যদের ‘গোস্বা’ নিয়ে ইঙ্গিত করে হাসিমুখে তিনি বলেন, ‘আজকে আমি আপনাদের মনে নিশ্চয়ই কোনো কষ্ট দিইনি।’