সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে লেখা বই শিশুদের দেশের কল্যাণে কাজ করার প্রেরণা দেবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। জ্ঞানের দরজা সবার জন্য খুলে দিতেই সরকার বিভিন্ন জেলায় পাঠাগার গড়ে তুলছে বলে উল্লেখ করেন তিনি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে শহীদ জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন ঘোষণার পর জিয়াউর রহমানের স্মরণে লেখা নিজের কবিতা ‘তুমি নির্ভীক’ আবৃত্তি করে শোনান তিনি।
জুবাইদা রহমান বলেন, দেশের ৯০ হাজার গ্রামে পাঠাগার ছড়িয়ে পড়ুক এবং এর মধ্য দিয়ে শিশু-কিশোরদের মধ্যে বই পড়ার অভ্যাস তৈরি হোক। এতে তাদের মধ্যে মূল্যবোধ, ন্যায়পরায়ণতা, সততা, নিষ্ঠা ও অধ্যবসায় গভীরভাবে গেঁথে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তার মতে, এর প্রতিফলন গ্রাম-শহর সবখানে দেখা যাবে; বাড়বে সহনশীলতা, সহমর্মিতা ও অন্যকে সম্মান করার মানসিকতা, আর শিশু-কিশোররা ধৈর্যশীল মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠা পাবে।
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জীবনী নিয়ে লেখা বইগুলো তাদের সংগ্রাম, ত্যাগ, ধৈর্য, সাহস ও দেশপ্রেমের গল্প তুলে ধরে উল্লেখ করে তিনি বলেন, তাদের আদর্শ ও দিকনির্দেশনাই চলার পথের পাথেয়।






