সংসদে পাস হওয়া একটি আইনকে শরিয়াহবিরোধী আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে মাঠের কর্মসূচিতে নামছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দাবি আদায়ে আগামী শুক্রবার (১১ সেপ্টেম্বর) দেশের প্রতিটি বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল করবে দলটি। এর আগের দিন বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন ডেকে বিষয়টিতে শরিয়াহর ব্যাখ্যা ও দলের সাংগঠনিক অবস্থান তুলে ধরা হবে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলের নিয়মিত সভা হয়। সেখানে সভাপতির বক্তব্য দিতে গিয়ে কর্মসূচিগুলো ঘোষণা করেন দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

গাজী আতাউর রহমান বলেন, দেশের বেশির ভাগ মানুষ মুসলমান, আর তাদের ধর্মীয় বিধান মেনে চলায় সহায়তা দিতে রাষ্ট্র বাধ্য। তিনি মনে করিয়ে দেন, নির্বাচনের আগে বর্তমান সরকারও বারবার প্রতিশ্রুতি দিয়েছিল যে কোরআন-সুন্নাহর পরিপন্থী কোনো আইন করা হবে না। অথচ সরকারের ছয় মাস পূর্ণ হওয়ার আগেই শরিয়াহবিরোধী আইন পাস হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

দলের পক্ষ থেকে এ ঘটনার কড়া নিন্দা জানিয়ে আইনটি অবিলম্বে বাতিলের দাবি তোলেন মহাসচিব। সরকারের কাছ থেকে এমন পদক্ষেপ তারা প্রত্যাশা করেননি বলেও মন্তব্য করেন তিনি।

তার ভাষ্য, বাংলাদেশে বিশ্বের অন্যতম সেরা ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান এবং যুগের শ্রেষ্ঠ আলেমরা রয়েছেন, যারা এই আইন নিয়ে আগেই ভিন্নমত জানিয়েছিলেন। এরপরও শরিয়াহ-সংক্রান্ত একটি প্রশ্নে খ্রিষ্টান পণ্ডিতদের রেফারেন্স টেনে আইন করাকে দেশের ইতিহাস, ঐতিহ্য ও জ্ঞানভান্ডারের প্রতি স্পষ্ট অবহেলা বলে মন্তব্য করেন গাজী আতাউর রহমান।

সভায় দলের যুগ্ম মহাসচিব প্রকৌশলী মুহাম্মদ আশরাফুল আলম ও শাহ ইফতেখার তারিক, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান এবং দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী উপস্থিত ছিলেন। চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, মোমেনশাহী, কুমিল্লা ও ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদকসহ দলের বিভিন্ন স্তরের নেতারাও সভায় অংশ নেন।