বিএনপি এখন ক্ষমতায়, কাজেই আর কী পাওয়ার আছে, এমন ভাবনার সুযোগ নেই বলে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীদের মনে করিয়ে দিয়েছেন রুহুল কবির রিজভী। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রিজভী বলেন, ‘আমরা প্রত্যেকেই সরকারের অংশ।’

শনিবার (১২ সেপ্টেম্বর) সংগঠনটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে র‍্যালি উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। রিজভীর ভাষ্য, মানুষ এখন নির্বিঘ্নে কথা বলছে, চলাফেরা করছে; আর কেবল মন্ত্রী বা সংসদ সদস্য হলেই সরকারের অংশ হওয়া যায়, বিষয়টি এমন নয়।

তিনি বলেন, সরকার মানুষের কল্যাণে কী কী কর্মসূচি নিচ্ছে, তা দলের নেতাকর্মীদের জানতে হবে এবং জনগণকে জানাতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনাগুলো সমাজের সব স্তরে পৌঁছে দেওয়ার দায়িত্বও তাঁদের। সবাই মন্ত্রী-এমপি হবেন না, তবে নির্বাচিত জনপ্রতিনিধিরাও দলেরই মানুষ বলে মন্তব্য করেন রিজভী।

নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি বলেন, এ জন্য দুটি বিষয় সবচেয়ে জরুরি: নারীদের শিক্ষায় আলোকিত হওয়া এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া; দুই ক্ষেত্রেই সরকারের নানা উদ্যোগ চলছে। ফ্যামিলি কার্ডের মতো উদ্যোগে পরিবারের নারীরা অগ্রাধিকার পাচ্ছেন উল্লেখ করে তিনি এসব কর্মসূচি মানুষের কাছে তুলে ধরতে মহিলা দলকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

সংগঠনের পথচলা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, বহু কষ্ট আর সংগ্রাম পেরিয়ে মহিলা দল আজকের জায়গায় পৌঁছেছে; জেলা, মহানগর ও কেন্দ্রের নেতারা যথেষ্ট যোগ্য, আর রাষ্ট্র কিংবা যেকোনো প্রতিষ্ঠান চালাতে নারীরাও সমান সক্ষম। তিনি মনে করিয়ে দেন, অতীতের আন্দোলনে সংগঠনের বহু নেতাকর্মী গ্রেপ্তার, রিমান্ড ও কারাবাসের শিকার হয়েছেন; কাউকে কাউকে দলের অফিস থেকেই তুলে নিয়ে আদালতের মাধ্যমে দীর্ঘ সময় জেলে রাখা হয়েছিল।

র‍্যালিতে সংগঠনের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।