রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে ককটেল ফাটিয়ে আতঙ্ক ছড়ানোর ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ চারজনকে গ্রেপ্তার করেছে। রোববার (২০ সেপ্টেম্বর) মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে দুপুর সোয়া ১২টার দিকে ব্রিফিংয়ে এ তথ্য দেন ডিবির ওয়ারী বিভাগের উপকমিশনার মোল্লা মো. শাহীন।
গ্রেপ্তারদের মধ্যে মো. রায়হান উদ্দিন (৩৫) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা; তিনি দলটির ঢাকা দক্ষিণের বংশাল থানাধীন ৩২ নম্বর ওয়ার্ডের অধীন ৬ নম্বর ইউনিটের দপ্তর সম্পাদক। অন্য তিনজন হলেন আলাউদ্দিন (২৮), আব্দুল্লাহ (২৮) ও রাসেল খান (৩২)।
ডিবি জানায়, বংশাল থানা এলাকায় শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চালানো অভিযানে প্রথমে রায়হান উদ্দিন ধরা পড়েন। তার তথ্যে ডেমরার ডগাইর এলাকা থেকে বাকি তিনজনকে গ্রেপ্তার করে ডিবি।
তাদের দেওয়া তথ্যে লালবাগের জেন সাহা রোডে একটি ১০ তলা ভবনের নিচতলার পার্কিংয়ে সুড়কির বস্তা থেকে লাল স্কচটেপে মোড়ানো চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।
১৮ সেপ্টেম্বর রাত আনুমানিক ৮টায় থানার সামনের সড়কে ওই বিস্ফোরণে এক পথচারী গুরুতর আহত হন। এরপর থানা পুলিশের পাশাপাশি ছায়া তদন্তে নামে ডিবি, আর সিসিটিভির ভিডিও বিশ্লেষণে জড়িতরা শনাক্ত হয়।
ডিএমপির অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী জানান, এর আগে মতিঝিল থানার এক মামলায় গ্রেপ্তার হয়ে রায়হান উদ্দিন দীর্ঘদিন হাজতে থাকার পর জামিনে বেরিয়ে আবার অপরাধে জড়ান। গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে; জড়িত অন্যদের ধরতে ডিবি ও থানা পুলিশের অভিযান চলছে।






