প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পেয়ে ক্ষুব্ধ কিছু দলীয় নেতাকর্মী নিউইয়র্কে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে হেনস্তার চেষ্টা করেছেন। হোটেল গ্র্যান্ড হায়াতে বাংলাদেশ সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে, তখন তার ছেলেও সেখানে ছিলেন।

ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন বিক্ষুব্ধ প্রবাসী নেতাকর্মী অকথ্য ভাষায় গালাগাল করছেন এবং পেছন থেকে কেউ একজন তাকে মারতে বলছেন। শামা ওবায়েদ তখন হোটেলের লিফটে ছিলেন, আর বাইরে থেকে পরিবারের সদস্যরা একই লিফটে ওঠার চেষ্টা করছিলেন।

পরিস্থিতি খারাপ হতে দেখে তার ছেলে এগিয়ে এসে বলেন, ‘আমার মা এইটা।’ তখন তার দিকেও চড়াও হন নেতাকর্মীরা, কেউ একজন তাকে ধাক্কা দেন; শেষের দিকে এক নারীও পেছন থেকে প্রতিমন্ত্রীর ছেলেকে ধাক্কা দিতে থাকেন।

তারেক রহমানের সফরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ছিল; দলীয় প্রধানকে একনজর দেখতে ও শুভেচ্ছা জানাতে অনেকে নিউইয়র্কে ছুটে আসেন, হাজারো নেতাকর্মী অপেক্ষায় ছিলেন গ্র্যান্ড হায়াতের লবিতে।

কিন্তু শেষ মুহূর্তের বিশৃঙ্খলা ও আয়োজকদের অব্যবস্থাপনায় শীর্ষ কয়েকজন ছাড়া অসংখ্য ত্যাগী নেতাকর্মী প্রধানমন্ত্রীর দেখা পাননি। অনেক দূর থেকে আসা শত শত কর্মী এতে ক্ষুব্ধ হন; দীর্ঘ বিশ বছর পর দলীয় প্রধান নিউইয়র্কে এলেও তাকে দেখতে না পারার আক্ষেপ নিয়ে ফিরতে হয় তাদের।