স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পদে থাকলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নাহিদের অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রী নানা সময়ে অসংলগ্ন কথা বলছেন, দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন এবং সংস্কার প্রশ্নেও জাতির সঙ্গে প্রতারণামূলক বক্তব্য দিয়েছেন। আইনশৃঙ্খলার এই অবস্থার দায় সরকার, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বলে মন্তব্য করেন তিনি।

মিরপুরের রাড্ডা সেন্টার তিন ঘণ্টার বেশি সময় ধরে গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় বিএনপি ও এক নারী এমপির নাম এসেছে এবং পুলিশের নীরবতা পরোক্ষে সহায়তা করেছে বলে অভিযোগ করেন নাহিদ। ঢাকার মতো শহরে টানা তিন ঘণ্টা ভাঙচুরের সময় প্রশাসন কিছুই করতে পারবে না, এটা হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

তার দাবি, ৬ আগস্ট থেকে সারা দেশে বিএনপি যে নৈরাজ্য ও দখলবাজি শুরু করেছিল, রাড্ডা সেন্টার ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের অফিসে হামলা তারই ধারাবাহিকতা।

নির্বাচিত সরকার এলে মব থামবে বলে এই সরকার আগে যে কথা বলেছিল, বাস্তবে বিএনপি সরকার গঠনের পর আইনশৃঙ্খলার আরও অবনতি হয়েছে বলে দাবি করেন নাহিদ। দলটি নিজের নেতাকর্মীদেরই নিয়ন্ত্রণ করতে পারছে না বলেও অভিযোগ তোলেন তিনি।