প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন দাবি করেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ছাত্র ফেডারেশনে থাকার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীর ল্যাপটপ চুরি করেছিলেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি এ অভিযোগ তোলেন। পোস্টের মন্তব্যের ঘরে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের বহিষ্কারসংক্রান্ত একটি নোটিশের ছবিও জুড়ে দেন তিনি, যেখানে নামটি লেখা আছে নাসির উদ্দিন পাটোয়ারি।
রাশেদ খাঁনের ভাষ্য, ২০১৯ সালের ওই ঘটনায় ভুক্তভোগী ছাত্রী অভিযোগ করলে ছাত্র ফেডারেশনের তখনকার নেতারা একটি তদন্ত কমিটি করেন। কমিটি তথ্য-প্রমাণ সংগ্রহ করে অভিযোগের সত্যতা পায় এবং এরপর নাসীরুদ্দীনকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয় বলে তিনি দাবি করেন।
পোস্টে তিনি আরও লেখেন, সে সময় ঢাবির ছাত্র রাজনীতিতে যুক্ত প্রায় সবাই ঘটনাটি জানতেন। বহিষ্কারের পর নাসীরুদ্দীন বেশ কিছুদিন রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলেন, অনেক পরে এবি পার্টিতে যোগ দিয়ে আবার খানিকটা সক্রিয় হন। এবি পার্টির নেতাকর্মীরা ঘটনাটি জানলে হয়তো তাকে দলে নিতেন না বলেও মন্তব্য করেন রাশেদ খাঁন।
পোস্টের শেষাংশে রাশেদ খাঁন লেখেন, গণঅভ্যুত্থান এবং নাহিদ ইসলামের সঙ্গে সম্পর্কের সুবাদে নাসীরুদ্দীন ‘ল্যাপটপ চোর থেকে ছাগলচোরে’ পরিণত হওয়ার সুযোগ পেয়েছেন। এমন একজন কীভাবে ন্যায়নীতির কথা বলেন, সে প্রশ্নও তোলেন তিনি।






