ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছাত্রশিবির বিভিন্ন পরিচয়ের আড়ালে দখলদারত্ব কায়েম করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তাঁর দাবি, সংগঠনটি সামাজিক সংগঠন, প্রেসার গ্রুপ বা সাধারণ শিক্ষার্থীর পরিচয়ে ক্যাম্পাসে প্রভাব বাড়াতে চাইছে, যা বিশ্ববিদ্যালয় প্রশাসনের খতিয়ে দেখা উচিত।

৯ অক্টোবর শুক্রবার বিকেলে ঢাবির টিএসসি অডিটরিয়ামে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

রাশেদ খাঁনের দাবি, অভ্যুত্থানের পর ও জাতীয় নির্বাচনের আগে একটি মহল ছাত্রলীগ আর ছাত্রদলকে একই পাল্লায় মাপার চেষ্টা করেছিল, অথচ দুটি সংগঠন এক নয়। ছাত্রদল এখন কোনো হল দখল করেনি, গণরুম-গেস্টরুমের পুরোনো প্রথাও ফেরায়নি, বরং মেধার বিকাশের মধ্য দিয়ে সারা দেশে গণতান্ত্রিক রাজনীতি করছে বলে তিনি উল্লেখ করেন।

তাঁর অভিযোগ, এই রাজনীতি বাধাগ্রস্ত করতেই ছাত্রশিবির নানা বয়ান তৈরি করছে; শিবির প্রকাশ্যে রাজনীতি করলে ছাত্রদলের কোনো আপত্তি থাকত না।

ঢাবিতে নিজের আন্দোলনের দিনগুলো স্মরণ করে রাশেদ খাঁন বলেন, যখনই আন্দোলনে নেমেছেন, ছাত্রলীগের বাধা ও নির্যাতনের মুখে পড়েছেন। আগে গণরুম-গেস্টরুম প্রথা ছিল, এখন তা নেই বলেও মন্তব্য করেন তিনি।