বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি কালো কালিতে ঢেকে দেওয়ার ঘটনাকে ‘সাম্প্রদায়িক জামাতি অপকর্ম’ বলে অভিহিত করে তা রুখে দাঁড়ানোর ডাক দিয়েছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন।
রোববার (১১ অক্টোবর) সকালে ফেসবুক পোস্টে নুর অভিযোগ করেন, ৫ আগস্টের পর থেকে জামায়াত-শিবির জুলাইয়ের নামে নানা প্ল্যাটফর্ম খুলে মব ও সাম্প্রদায়িক কর্মকাণ্ড করাচ্ছে। আগের এক পোস্টে তিনি প্রশ্ন রাখেন, ভারতের বিজেপি-আরএসএস আর বাংলাদেশের জামায়াত-শিবিরের রাজনীতিতে কোনো পার্থক্য আছে কি না।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালচিত্রে এ ঘটনা ঘটে। জানা গেছে, ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে এবং রবীন্দ্রনাথকে বাংলাদেশবিরোধী আখ্যা দিয়ে কাজটি করেন রাষ্ট্র সংলাপ ফোরাম নামে একটি সংগঠনের সভাপতি আ ন ম আয়াস ও একদল তরুণ-তরুণী।
পুলিশ বাধা দিতে গেলে তাঁদের সঙ্গে কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। ঘটনাস্থল থেকে মো. সুজন মিয়া (১৮), মো. সাকিবুল হাসান (১৯), মারজিয়া খন্দকার রিমি (২৭) ও আ ন ম আয়াসকে (২৯) আটক করা হয়, রোববার শাহবাগ থানার মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।
গত ৫ অক্টোবর ফুটপাত দখলমুক্ত ও সৌন্দর্যবর্ধন কার্যক্রমের অংশ হিসেবে এসব দেয়ালচিত্র আঁকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। রবীন্দ্রনাথ ছাড়াও কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিনসহ শিল্প-সংস্কৃতি অঙ্গনের ১০ জন গুণী মানুষের প্রতিকৃতি রয়েছে সেখানে।






