প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন অভিযোগ করেছেন, বাংলাদেশ চায়নি এমন দল জামায়াতে ইসলামী এখন প্রতিবাদ করে বলছে, রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি। রোববার (১১ অক্টোবর) দিনগত রাতে ফেসবুকের ভেরিফায়েড পেজে দেওয়া পোস্টে তিনি এ কথা লেখেন।

পোস্টে তিনি দাবি করেন, যাকে তিনি প্রতারক উজ্জ্বল ওরফে আয়াস বলে উল্লেখ করেছেন, তার পেছনে আছেন জামায়াতের আমিরের এক উপদেষ্টা। তার ভাষ্য, জামায়াত সরাসরি আয়াসের পক্ষ নিয়েছে, আর এনসিপির মন কাঁদলেও দলটি পাশে দাঁড়াতে পারছে না।

রাশেদ খাঁনের অভিযোগ, ময়মনসিংহের উজ্জ্বল ঢাকায় এসে নাম, চুলের ধরন ও চেহারা কিছুটা বদলে জুলাই যোদ্ধা আয়াস হয়েছেন; এর আগে প্রতারণার মামলায় তিনি জেল খেটেছেন এবং সে মামলা এখনো বিচারাধীন।

তার দাবি, রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দিতে আয়াসকে টাকা দিয়েছেন জামায়াতের আমিরের উপদেষ্টা ব্যারিস্টার শাহরিয়ার কবির, যিনি জুলাইয়ের নামে বিতর্কিত সংগঠন ও কর্মকাণ্ডে অর্থ ও পরামর্শ দিয়ে পৃষ্ঠপোষকতা করেন। ওই আইনজীবীকে বাঁচাতেই আয়াস প্রিজন ভ্যান থেকে তার হোয়াটসঅ্যাপে লগইন করে সব মুছে ফেলতে বলেছেন বলেও দাবি করেন রাশেদ খাঁন।