এ বছর গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে উল্লেখ করে ভারতের কাছ থেকে ন্যায্য হিস্যা বুঝে নেওয়ার কথা বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, যিনি বিরোধীদলীয় চিফ হুইপও। মাদারীপুর সদর উপজেলার শকুনি লেকপাড় মুক্তমঞ্চে মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৪টায় দলের সভায় তিনি এ কথা বলেন।
এটিকে তারেক রহমানের পরীক্ষা হিসেবে বর্ণনা করে তিনি বলেন, যাঁরা নিজেদের জাতীয়তাবাদী বলেন, তাঁদের প্রমাণ করতে হবে বাংলাদেশের জাতীয় স্বার্থ তাঁরা কতটা রক্ষা করতে পারছেন, নাকি কোনো আন্ডারটেবিল সমঝোতায় আছেন।
নিউইয়র্কে ড. মুহাম্মদ ইউনূসকে ‘পতিত স্বৈরাচারের কিছু সদস্য’ হেনস্তা করেছে অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দেশের মানুষকে এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বিদেশে নেতাকর্মীদের নিরাপত্তা দিতে পারছেন না। এসব ঘটনার নিন্দা জানিয়ে এর পুনরাবৃত্তি না হওয়ার দাবি তোলেন তিনি।
আইনশৃঙ্খলার অবনতি, জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, সার ডিলার নিয়োগে দলীয়করণ আর চাকরির নিয়োগ-বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে ডাকা এ সভায় নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থান থেকে গড়ে ওঠা এনসিপি বিভাজনের নয়, ঐক্যের ও নতুন দিনের রাজনীতি করতে চায়। সভাপতিত্ব করেন দলের মাদারীপুর জেলা সভাপতি মনিরুল ইসলাম তুষার; সদর, শিবচর, ডাসার ও কালকিনিসহ বিভিন্ন এলাকার নেতাকর্মীরা অংশ নেন।






