কুমিল্লায় বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষে ৯ জনের প্রাণহানি এবং ৩৯ জন আহত হয়েছেন—এমন একটি দাবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। তবে অনুসন্ধানে দেখা গেছে, বাস্তবে এমন কোনো ঘটনা ঘটেনি।
প্রাসঙ্গিক কি-ওয়ার্ড দিয়ে খুঁজেও কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য উৎসে দাবিটির সমর্থন মেলেনি। পোস্টগুলোর মন্তব্যের ঘরে দেওয়া একটি লিংক ধরে দেখা যায়, যমুনা টিভির নাম ও লোগো জুড়ে দেওয়া বিনা মূল্যের ডোমেইনের একটি ব্লগ সাইট কোনো উৎস উল্লেখ না করেই খবরটি প্রচার করছে।
ওই সাইটের প্রতিবেদনে যমুনা টিভির যে থাম্বনেইল ব্যবহার করা হয়েছে, সেটি কুমিল্লার চৌদ্দগ্রামের হাটবাইর গ্রামে গত ৩১ জানুয়ারি জামায়াত ও বিএনপির সংঘর্ষ নিয়ে করা প্রতিবেদনের। সেই প্রতিবেদনে অন্তত সাতজন আহত হওয়ার কথা থাকলেও কারও মৃত্যুর উল্লেখ নেই, আর ওই ঘটনায় প্রাণহানির কোনো খবর অন্য গণমাধ্যমেও আসেনি।
ফলে দুই দলের সংঘর্ষে কুমিল্লায় ৯ জনের মৃত্যু ও ৩৯ জন আহত হওয়ার খবরটির কোনো ভিত্তি নেই।






