প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন অভিযোগ করেছেন, ফ্যাসিবাদের ১৬ বছরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ডা. এসএম খালিদুজ্জামান ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেননি। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে ফেসবুক পোস্টে তিনি এ কথা লেখেন।

পোস্টে ঢাকা-১৭ আসনে জামায়াতের প্রার্থী খালিদুজ্জামানকে ভণ্ড ডাক্তার আখ্যা দিয়ে রাশেদ লেখেন, শেখ হাসিনার বিরুদ্ধে তিনি ফেসবুকেও কখনো কিছু লেখেননি, অথচ প্রায়ই তাদের লড়াই-সংগ্রামকে প্রশ্নবিদ্ধ করেন। যাকে তারেক রহমানের আসনের প্রতিদ্বন্দ্বী বলে পরিচয় দিতে হয়, তিনি কোন লজ্জায় অন্যের ত্যাগকে ছোট করেন—প্রশ্ন রাশেদের।

তার দাবি, খালিদুজ্জামান ফেসবুক পেজ খুলেছেন ২০২৪ সালের ২৫ আগস্ট, অর্থাৎ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তারা নব্য বিপ্লবী সেজেছেন। শেখ হাসিনা কখনো ফিরলে এরা গোঁফদাড়ি ছেঁটে নতুন রূপে হাজির হবেন অথবা পাকিস্তানে পালাবেন বলেও মন্তব্য করেন তিনি।

শেষে তিনি লেখেন, বিগত ১৬ বছর এরা লীগ হয়ে টিকে ছিল, এখন জামায়াত-শিবির রূপে ফিরে গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনীতিকে কলুষিত করছে; এদের দেশ থেকে বিদায় করা উচিত। খালিদুজ্জামানকে তিনি কাপুরুষ, নব্য রাজাকার ও বিকৃতমস্তিষ্কের মানুষ বলেও আক্রমণ করেন।