জামায়াতে ইসলামীর নেতা ডা. এসএম খালিদুজ্জামান হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনকে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা নিয়ে ফেসবুকে দুজনের পাল্টাপাল্টি পোস্টের ধারাবাহিকতায় এ বাদানুবাদ।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেওয়া এক স্ট্যাটাসে খালিদুজ্জামান রাশেদের বক্তব্যের জবাব দেন। তিনি দাবি করেন, ১৬ বছরে ১৬ সেকেন্ডও মাঠে না থেকে নির্বাচনে জিততেই রাশেদের নেতার ঘাম ছুটে গেছে। এরপর লেখেন, ‘মাঠে থাকলে কী অবস্থা হবে, চিন্তা করে দেখো।’

এর আগে শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে খালিদুজ্জামান ফেসবুকে নুরুল হক নুর ও রাশেদ খাঁনের সমালোচনা করে পোস্ট দেন। দুজনকে রাজনৈতিক পতিতা আখ্যা দিয়ে তিনি লেখেন, তারা আজ মন্ত্রিপরিষদে, আর এতে জাতি হিসেবে তারা লজ্জিত।

সেদিন সন্ধ্যায় রাশেদ খাঁন ফেসবুকে পাল্টা পোস্ট দেন। খালিদুজ্জামানকে ভণ্ড ডাক্তার আখ্যা দিয়ে তিনি দাবি করেন, জামায়াতের ঢাকা-১৭ আসনের এই প্রার্থী ফ্যাসিবাদের ১৬ বছরে কখনো রাস্তায় নামেননি, এমনকি শেখ হাসিনার বিরুদ্ধে ফেসবুকেও লেখেননি। রাশেদের অভিযোগ, হাসিনা পালানোর পর ২০২৪ সালের ২৫ আগস্ট পেজ খুলে খালিদুজ্জামান নব্য বিপ্লবী সেজেছেন।