সরকারের এমপি-মন্ত্রীদের সাম্প্রতিক কথাবার্তায় স্পষ্ট, ভারতের প্রতি আওয়ামী লীগের অসমাপ্ত দায়িত্ব পালনে বিএনপি সরকার আগ্রহী—এমন অভিযোগ করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন। তার মন্তব্য, ‘দেশ ধ্বংস করা বিএনপির আরেক নাম এখন আওয়ামী লীগ।’

জাগপার প্রয়াত সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধানের ৮ম মৃত্যুবার্ষিকীতে বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজধানীর পল্টনে কোরআন খতম ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন তিনি। দলের ঢাকা মহানগর সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হাসান এতে সভাপতিত্ব করেন।

ইকবাল হোসেনের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসনে ভারতীয় সরকারের সঙ্গে বিএনপির গোপন চুক্তি অনুযায়ী দেশজুড়ে দলটির তৎপরতা বেড়েছে; বিরোধী দলের ওপর দায় চাপাতে সরকার তাদের নাশকতা দেখেও দেখছে না।

জুলাই গণঅভ্যুত্থান বৈষম্য ও অগণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে হলেও পরবর্তী সরকার সেই পথেই হাঁটছে বলে মন্তব্য করেন তিনি। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে তার হুঁশিয়ারি, না হলে নিজেদের খোঁড়া গর্তে নিজেদেরই পড়তে হবে।