সড়ক ও গণপরিবহন খাতে ৫৬ বছর ধরে জমে থাকা দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ বলে মন্তব্য করেছেন মাওলানা গাজী আতাউর রহমান। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব জাতীয় নিরাপদ সড়ক দিবসে বৃহস্পতিবার (২২ অক্টোবর) দেওয়া এক বাণীতে এ জন্য সরকারের দুর্নীতি, অদক্ষতা ও উদাসীনতাকে দায়ী করেন।
বাণীতে তিনি জানান, সড়কে প্রতিদিন গড়ে ৬৬ জন নিহত ও ১০৪ জন পঙ্গু হচ্ছেন; বছরে আহত হন ৩০ লাখের বেশি মানুষ, যাদের প্রায় ৩৮ হাজার স্থায়ীভাবে পঙ্গু বা প্রতিবন্ধী হয়ে পড়েন, আর প্রাণ যায় ২৪ হাজার ২৩৩ জনের। প্রতি ১ লাখ মানুষে মৃত্যুর হার ১৪ দশমিক ৬৭, নিহতদের ৮৪ দশমিক ৬ শতাংশ পুরুষ ও ১৫ দশমিক ৪ শতাংশ নারী।
এ ভয়াবহতার জন্য স্বাধীনতার পর থেকে দায়িত্ব পালনকারী সরকারগুলোকে দায়ী করে তিনি বলেন, যানবাহনের ফিটনেস, রুট পারমিট ও চালকের লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া যথাযথভাবে মানা হয়নি। সড়ক নিরাপদ করতে রাজনৈতিক সদিচ্ছা, পরিবহন খাত পুরোপুরি আইনের অধীনে আনা এবং এ খাতের মাফিয়াদের দমনের ওপর জোর দেন তিনি।






