আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী একজোট হয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তার দাবি, ’৯৬-এর মতো এই দুই দল দেশে অরাজকতা তৈরির পাঁয়তারা করছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে কালীগঞ্জের চাপরাইল আবুবকর বিশ্বাস মকছেদ আলী কলেজে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনের পর তিনি এ কথা বলেন।
রাশেদ খাঁনের দাবি, রাজশাহী সফরের সময় প্রধানমন্ত্রীকে স্নাইপার দিয়ে হত্যার হুমকি দিয়ে এক যুবকের ফেসবুক পোস্টের পেছনে বিরোধী দলের ইন্ধন রয়েছে, যা খতিয়ে দেখা উচিত। বিরোধী দলের উসকানিতেই ওই যুবক এমন দুঃসাহস দেখিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, ’৮৬ ও ’৯৬ সালে জামায়াত আওয়ামী লীগের সঙ্গে জোট গড়েছিল, এখন আবার দুই দল এক হয়েছে।
জামায়াত আমিরের সমালোচনা করে রাশেদ খাঁন অভিযোগ করেন, তিনি সবসময় মিথ্যা বলেন এবং দলের নেতারা তাকে দরবেশ ভাবলেও তিনি একসময় জাসদ ছাত্রলীগ করতেন ও সন্ত্রাস করেছেন। তার প্রশ্ন, ‘জামাতে যোগ দেওয়ার পরে কি তিনি মিথ্যা ছেড়ে দিয়েছেন?’
ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে প্রস্তুত বলে জানান তিনি। অনুষ্ঠানে উপজেলা বিএনপির কয়েকজন নেতা ও কলেজের অধ্যক্ষ মশিয়ার রহমান উপস্থিত ছিলেন।






