পোশাকশিল্পের শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে সরকার ও খাতটির নীতিনির্ধারকদের প্রতি শক্তি প্রয়োগ বা ‘জুজুর ভয়’ না দেখানোর আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেছেন, মূল্যস্ফীতির বর্তমান অবস্থায় শ্রমিকদের চলমান বেতনে জীবনধারণ সম্ভব নয়, তাই আর্থিক অনিশ্চয়তা থেকে তাদের মুক্তি দিতে হবে।
সোমবার (২ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। দলটির কেন্দ্রীয় মিডিয়া সেলের শেখ ফজলুল করীম মারুফ সোমবার এ তথ্য জানান।
বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচির মতে, পোশাকখাতে কর্মীরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন এবং তা বড় আকার ধারণ করেছে। মাওলানা গাজী আতাউর রহমান বলেন, পোশাকশিল্পের ব্যবসায়ীরা কোটিপতি হয়ে বিলাসবহুল জীবনযাপন করলেও শ্রমিকরা প্রান্তিক শ্রমিকই থেকে যান।
সরকার ও পোশাকখাতের নীতিনির্ধারকদের উদ্দেশে তিনি বলেন, সব জায়গায় জুজুর ভয় দেখানো বন্ধ করতে হবে এবং শ্রমিকরা যেন স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারেন, এমন বেতন নির্ধারণ করতে হবে।
শ্রমিকদের আন্দোলনের বিষয়ে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, শ্রমিকদের ওপর শক্তি প্রয়োগ করা যাবে না। তিনি বলেন, স্বৈরাচারী আমলের পুলিশ বাহিনীর মতো নির্মম পুলিশ এবং ফ্যাসিবাদী চরিত্রের আইনশৃঙ্খলা বাহিনী তারা দেখতে চান না। তাঁর মতে, আলোচনা ও সৌহার্দ্যের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে।
শ্রমিকদের উদ্দেশেও আহ্বান রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব। তিনি বলেন, কারও রাজনৈতিক স্বার্থে বলি হওয়া যাবে না। তিনি উল্লেখ করেন, পোশাকখাত থেকেই শ্রমিকদের রুটি-রুজির ব্যবস্থা হয়, তাদের দাবির প্রতি তাঁর দলের সংহতি রয়েছে; তবে দাবি আদায় করতে গিয়ে শিল্প ও দেশের ক্ষতি করা যাবে না।
মাওলানা গাজী আতাউর রহমান আরও সতর্ক করেন, এই আন্দোলনকে বিভিন্ন মহল নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারে এবং ‘পতিত ফ্যাসিবাদ’ও সুযোগ নিতে পারে। এ কারণে সরকারের সতর্ক থাকা প্রয়োজন বলে তিনি মনে করেন। তাঁর আহ্বান, দ্রুত শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করতে হবে এবং শ্রমিকদের মধ্যে আস্থা তৈরি করতে হবে।
Source: জাগো নিউজ২৪






