জাতীয় ঐক্য গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া আহ্বানে সাড়া দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির চার সদস্যের একটি প্রতিনিধি দল সোমবার (২৩ নভেম্বর) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবে।
ওই দিন দুপুরে বৈঠকটি হওয়ার কথা রয়েছে। এতে এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম নেতৃত্ব দেবেন। যুক্তরাজ্য সফর শেষে রবিবার বিকালে তিনি দেশে ফেরার কথা রয়েছেন। দেশে ফেরার পর প্রতিনিধি দলের বাকি সদস্যদের নাম চূড়ান্ত করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
শনিবার দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার জানান, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ২৩ নভেম্বর দলটির একটি প্রতিনিধি দল তাঁর সঙ্গে সাক্ষাৎ করবে। প্রধানমন্ত্রীর এ আমন্ত্রণকে দলটি ইতিবাচকভাবে নিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
বার্তায় এনসিপি জানায়, গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচার—এই তিন বিষয়কে জাতীয় ঐক্যের ভিত্তি হিসেবে তারা দেখে।
জাতীয় সংসদের সর্বশেষ অধিবেশনে জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এনসিপির সঙ্গে সোমবারের বৈঠকের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাঁর এ সংলাপ শুরু হচ্ছে।
এনসিপির নেতারা জানিয়েছেন, বৈঠকে জুলাই গণ-অভ্যুত্থানের পর যে কারণে রাজনৈতিক ঐক্য বিনষ্ট হয়েছে, সেই বিষয়গুলো তাঁরা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরবেন। এ ছাড়া বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের আশ্রয় দেওয়ার অভিযোগ নিয়েও আলোচনা করবেন তাঁরা। একই সঙ্গে গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়নসহ দলটির পাঁচ দফা দাবিও তুলে ধরবেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা এবং দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে সরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে বৃহত্তর ঐক্য গড়ার উদ্যোগ নিয়েছে।
এর আগে গত বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বর্তমানে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন। আগামী ২৬ নভেম্বর দেশে ফেরার পর ২৭ বা ২৮ নভেম্বর জামায়াতের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথমে আলাদাভাবে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এরপর সব দলকে নিয়ে সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হতে পারে।
Source: Dhaka Times






