যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের আগে একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

তার মতে, শুধু আওয়ামী লীগ ঠেকানোর কথা বলে একদলীয় কমিটির সুপারিশে সংবিধান সংশোধন করা হলে এনসিপি সেই জাতীয় ঐক্য প্রক্রিয়ায় অংশ নেবে না। তিনি রোববার (২২ নভেম্বর) যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে বিমানবন্দরে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘একদলীয় সংবিধান সংশোধন কমিটি অবিলম্বে ভেঙে দিতে হবে। কমিটি ভেঙে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করা উচিত। এর মাধ্যমে জনগণ বুঝতে পারবে, সরকার সত্যিকার অর্থেই জাতীয় ঐকমত্য চায়। একই সাথে রাজনৈতিক দলগুলোর কাছেও ইতিবাচক বার্তা যাবে।’

জাতীয় ঐক্য প্রক্রিয়াকে ফলপ্রসূ করতে সুস্পষ্ট ভিত্তি ও রাজনৈতিক অঙ্গীকারের ওপর জোর দেন এনসিপির এই শীর্ষ নেতা। তিনি উল্লেখ করেন, জাতীয় ঐক্যের অবশ্যই সুস্পষ্ট ভিত্তি ও অঙ্গীকার থাকতে হবে। অতীতে সরকার যেসব অঙ্গীকার ভঙ্গ করেছে, সেগুলোর জন্য ক্ষমা চাইতে হবে। এমন কিছু পদক্ষেপের মাধ্যমে ঐক্য প্রক্রিয়া শুরু করতে হবে, যাতে সবাই আশ্বস্ত হতে পারে। এ বিষয়ে এনসিপির পক্ষ থেকে প্রস্তাব দেয়া হবে বলেও তিনি জানান।

দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, দেশে এখন সঙ্কটকাল চলছে। সরকারপ্রধান সংলাপের আহ্বান জানালে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে এনসিপি তাতে সাড়া দেবে। প্রধানমন্ত্রী কী চান এবং কীভাবে দেশকে এগিয়ে নিতে ও বর্তমান পরিস্থিতি মোকাবিলা করতে চান, তা তারা শুনতে চান।

জাতীয় ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে কয়েকটি সুনির্দিষ্ট ও মৌলিক বিষয়ের কথা সামনে আনেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, ‘গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার সঠিক বিচার ত্বরান্বিত করা এবং আসন্ন গঙ্গা চুক্তির নবায়নসহ মৌলিক ইস্যুগুলোতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ হলেই জাতীয় ঐক্য সম্ভব।’

তথ্যসূত্র: Naya Diganta Politics

Source: Naya Diganta