রাশিয়ার আন্তর্জাতিক থিয়েটার উৎসব ‘মেলিখোভো স্প্রিং–২০২৭’-এর ২৭তম আসরে অংশগ্রহণের আবেদন নেওয়া হচ্ছে। পেশাদার থিয়েটার দল ও সৃজনশীল দলগুলোর জন্য এ সুযোগ উন্মুক্ত রয়েছে। আবেদন জমা দেওয়ার শেষ দিন ২০২৬ সালের ১৫ নভেম্বর।
জাগো নিউজের প্রবাস বিভাগের প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালের ২১ থেকে ৩০ মে উৎসবটি আয়োজন করা হবে। এর ভেন্যু মস্কো অঞ্চলে অবস্থিত আন্তন চেখভ মিউজিয়াম-রিজার্ভ ‘মেলিখোভো’।
আবেদনের জন্য যা লাগবে
আয়োজকদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অংশগ্রহণে আগ্রহী দলগুলোকে আবেদনপত্র পূরণ করে জমা দিতে হবে। সঙ্গে পাঠাতে হবে তাদের নাটকের ভিডিও রেকর্ডিং। আবেদনপত্র ও ভিডিও বিজ্ঞপ্তিতে নির্ধারিত ই-মেইল ঠিকানায় পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
চেখভের পাশাপাশি ভাম্পিলভের সাহিত্যকর্ম
আন্তন চেখভের সাহিত্যকর্মের ভিত্তিতে মঞ্চের জন্য তৈরি নাটক নিয়ে উৎসবে অংশ নেওয়া যাবে। তাঁর জীবন ও কর্মকে বিষয় করে নির্মিত প্রযোজনাও উৎসবে স্বাগত জানানো হবে বলে আয়োজকেরা জানিয়েছেন।
২০২৭ সালের আয়োজনে থাকছে ‘চেখভ+’ নামে বিশেষ কর্মসূচিও। সোভিয়েত ঔপন্যাসিক ও নাট্যকার আলেকজান্ডার ভাম্পিলভের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচিতে তাঁর সাহিত্যকর্মের অনুপ্রেরণায় তৈরি নাটক মঞ্চস্থ করা হবে।
Source: জাগো নিউজ২৪






