মালদ্বীপে অনুমোদন ছাড়া উচ্চমূল্যে বৈদেশিক মুদ্রা কেনাবেচার অভিযোগে এক বাংলাদেশি ও এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। অননুমোদিত মুদ্রা লেনদেনের তথ্য জানাতে চালু করা হটলাইনে পাওয়া খবরের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়।

জাগো নিউজ প্রবাসের প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তার দুজন হলেন বাংলাদেশের নাগরিক মোহাম্মদ রাসেল মিয়া এবং ভারতের নাগরিক প্রদীপ চোলাকোতিল শঙ্করনারায়ন। অনুমতি না নিয়ে বৈদেশিক মুদ্রার লেনদেন করার অভিযোগে তাঁদের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

প্রতিবেদনে পুলিশের মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো একটি বার্তার কথা উল্লেখ করা হয়েছে। ওই বার্তায় পুলিশ জানায়, অননুমোদিত বৈদেশিক মুদ্রা লেনদেন সম্পর্কে তথ্য সংগ্রহের হটলাইনে খবর পাওয়ার পর অভিযান চালানো হয়। সেই অভিযানেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, মালদ্বীপ মনিটারি অথরিটির (এমএমএ) অনুমোদন ও লাইসেন্স ছাড়া বৈদেশিক মুদ্রা কেনাবেচা করা আইনবিরোধী। এ ধরনের বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য।

অনুমোদনহীন মুদ্রা লেনদেনের কোনো তথ্য জানা থাকলে তা পুলিশকে জানাতে জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ৯৩৮৮৭৩৩ নম্বরে এসএমএস, ভাইবার কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাস্ক ফোর্সের কাছে তথ্য পাঠানো যাবে।

পুলিশ আরও জানিয়েছে, ওই বার্তা দেওয়ার সপ্তাহের শুরুর দিকেও একই হটলাইনে পাওয়া তথ্যের ভিত্তিতে আরেকটি অভিযান হয়েছিল। তখন অনুমোদন ছাড়া উচ্চমূল্যে বৈদেশিক মুদ্রা লেনদেনের অভিযোগে আরও তিন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়।

Source: জাগো নিউজ২৪