মালদ্বীপের দক্ষিণাঞ্চলে এক তরুণী ও কয়েকজন অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগে নয়জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। রোববার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারকৃতদের নাম ও বয়স জানানো হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে জাগো নিউজ প্রবাস।

পুলিশের তথ্য অনুযায়ী, ‘আপার সাউথ পুলিশ’ এলাকার একটি দ্বীপে ২২ বছর বয়সী এক তরুণীকে যৌন নির্যাতনের অভিযোগ গত ২০ অক্টোবর কর্তৃপক্ষের নজরে আসে। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে।

তদন্তের একপর্যায়ে অপ্রাপ্তবয়স্ক কিশোরীদের যৌন নির্যাতন ও শোষণের অভিযোগও সামনে আসে। এরপর মামলার পরিধি বাড়িয়ে সংশ্লিষ্ট ঘটনাগুলো নিয়ে অনুসন্ধান শুরু করে কর্তৃপক্ষ।

শনিবার গ্রেপ্তার, রাতেই হেফাজতে

শনিবার এসব ঘটনায় নয়জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা সবাই মালদ্বীপের নাগরিক। শনিবার রাতেই তাঁদের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মোহাম্মদ সালিহ আহমেদ (২৬), মোহাম্মদ মিশাল আহমেদ জুহাইর (২০), নাজুমুল্লাহ হাসান (৩৫), আহমেদ ইফতিশাম জারির (২৪), মোহাম্মদ মাইসান শিয়াজ (২১), আহমেদ নূহ নিয়াজ (২০), আলী হুজাম সাঈদ (৩১), আজিম মুফিদ (২৪) এবং আহমেদ সানিজ সাদিক (৩২)।

মালে থেকে বিশেষ দল পাঠানো হয়েছে

পুলিশ জানিয়েছে, ঘটনাটিকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করে তদন্ত চালানো হচ্ছে। এজন্য রাজধানী মালে থেকে একটি বিশেষ তদন্তকারী দল সংশ্লিষ্ট দ্বীপে পাঠানো হয়েছে।

তবে তদন্ত কতদূর এগিয়েছে এবং অভিযোগগুলোর বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পুলিশ প্রকাশ করেনি।

দেশজুড়ে উদ্বেগ বাড়াচ্ছে অভিযোগের সংখ্যা

এদিকে মালদ্বীপে যৌন নির্যাতনের অভিযোগের সংখ্যা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, গত বছর দেশটির পুলিশ এ ধরনের ২৭২টি ঘটনা তদন্ত করেছে। চলতি বছর এখন পর্যন্ত যৌন নির্যাতনের ২২৩টি অভিযোগ পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।

Source: জাগো নিউজ২৪