সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) দূতাবাস চত্বরে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন।
পতাকা উত্তোলনের পর দিবসটি উপলক্ষে দূতাবাস মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় রাষ্ট্রদূত সবাইকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শুভেচ্ছা জানান।
রাষ্ট্রদূত ১৯৭৫ সালের এই দিনে যাঁরা বিপ্লবে অংশগ্রহণ করেছিলেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানান। পাশাপাশি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের গণঅভ্যুত্থান এবং ২০২৪ সালের অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।
বক্তব্যে রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের পটপরিবর্তনে জাতীয় জীবনে স্বস্তি আসেনি এবং দেশে অস্থিতিশীলতা বিরাজ করছিল। সাত নভেম্বরের বিপ্লবের পর জনগণ হাফ ছেড়ে বাঁচে। তাঁর ভাষ্য অনুযায়ী, জাতির ক্রান্তিকালে জনগণ দেশের প্রশ্নে ঐক্যবদ্ধ হয়েছিল। তিনি উল্লেখ করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে স্থিতিশীলতা আনেন, কৃষি বিপ্লব ঘটান এবং খাল খনন কর্মসূচির সূচনা করেন।
দিবসটি উপলক্ষে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বাণী পাঠ করা হয়।
দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মো. রেজাউল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ কমিউনিটির প্রতিনিধি ডা. গোলাম হাসনাইন সোহান, মামুনুর রশিদ চৌধুরী, হামিদুল হক শামীম ও বিপ্লব হোসেন আজাদ।
আলোচনা সভায় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী এবং রিয়াদে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। সভা শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।
শনিবার তথ্য অধিদপ্তরের এক তথ্য বিবরণীতে এসব তথ্য জানা গেছে। তথ্যসূত্র: জাগো নিউজ প্রবাস।
Source: জাগো নিউজ২৪






