নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে মালয়েশিয়ার সামাজিক নিরাপত্তা সংস্থা পেরকেসো (পারসেকুতুয়ান কেসেলামাতান সোসিয়াল)। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৬টি পরিবারের হাতে তাৎক্ষণিক আর্থিক সহায়তা হিসেবে ১ লাখ ৭৪ হাজার রিঙ্গিত তুলে দেওয়া হয়েছে।

মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের (কেসুমা) উদ্যোগে পেরকেসোর মাধ্যমে এ সহায়তা দেওয়া হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, যোগ্য উত্তরাধিকারীদের প্রাপ্য পেনশন ও অন্যান্য আর্থিক সুবিধাও দ্রুত নিষ্পত্তি করা হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সহজতর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে, দুর্ঘটনার পরেও বহু পরিবার তাদের স্বজনদের ভাগ্যে কী ঘটেছে তা জানতে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে অপেক্ষা করছে। এমন কঠিন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে একা ছেড়ে দেওয়া হবে না বলে আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী রামানান।

মন্ত্রী বলেন, স্বজন হারানোর শোক এবং অনিশ্চয়তার ভার কোনো পরিবারের একার বহন করা উচিত নয়। সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো তাদের পাশে থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

যেসব নিহত বা ক্ষতিগ্রস্ত ব্যক্তি পেরকেসোতে নিবন্ধিত নন, তাঁদের পরিবারের জন্যও বিকল্প সহায়তার ব্যবস্থা খুঁজে বের করার উদ্যোগ চলবে বলে জানান মন্ত্রী। এ জন্য কেসুমার অধীন পেরকেসোর সামাজিক সমন্বয় কর্মসূচি ‘সোশ্যাল সিনার্জি প্রোগ্রাম’-এর কৌশলগত অংশীদারদের নেটওয়ার্ক কাজে লাগানো হবে।

একই সঙ্গে গৃহকর্মীদের সামাজিক নিরাপত্তা ও অধিকার সুরক্ষায় কঠোর অবস্থানের কথাও জানিয়েছেন রামানান। তিনি স্পষ্ট করেন, নিয়োগকর্তার পদমর্যাদা, অবস্থান কিংবা প্রভাব যা-ই থাকুক, নিজ কর্মীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব থেকে কেউ অব্যাহতি পাবেন না। গৃহকর্মীদেরও পেরকেসোতে নিবন্ধন এবং নিয়মিত চাঁদা প্রদানের বাধ্যবাধকতা রয়েছে।

এ বিষয়ে অনিয়মকারী নিয়োগকর্তাদের বিরুদ্ধে নজরদারি ও আইন প্রয়োগ জোরদার করতে পেরকেসোকে নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রীর ভাষ্য, শ্রমিকদের অধিকার রক্ষায় নেতৃত্বের দৃষ্টান্ত নিজের ঘর থেকেই শুরু হওয়া উচিত।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে পেরকেসোর ‘প্রিহাতিন স্কোয়াড’ এবং সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকারও প্রশংসা করেন তিনি। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়ে মন্ত্রী আশা প্রকাশ করেন, এই আর্থিক সহায়তা ও সহযোগিতা তাদের কঠিন সময়ের কিছুটা ভার লাঘব করবে।

Source: জাগো নিউজ২৪