মিশরের রাজধানী কায়রোর দক্ষিণে গিজা গভর্নরেটের আল-আয়াত এলাকায় ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যাওয়ায় সাতজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১১২ জন। গত রোববার (৮ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে। জার্মান সংবাদ সংস্থা ডিপিএর বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গিজা নিরাপত্তা বিভাগের সহকারী স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল হাতেম হাসান আল-আয়াত এলাকায় ট্রেন দুর্ঘটনার খবর পান। খবরে বহু যাত্রী হতাহত হওয়ার কথা জানানো হয়। তথ্য পাওয়ার পর নিরাপত্তা বাহিনী, সিভিল প্রোটেকশন ইউনিট ও অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কায়রো-আসওয়ান কৃষি সড়কের পাশে গিজা গভর্নরেটের গেরজা মোড়সংলগ্ন এলাকায় ট্রেনটির কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে গেছে। দুর্ঘটনায় আহতদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত, ক্ষত ও হাড় ভাঙাসহ নানা ধরনের জখম হয়েছে। তাঁদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়।

স্বাস্থ্যমন্ত্রীর জরুরি নির্দেশনা

দুর্ঘটনার পর মিশরের স্বাস্থ্য ও জনসংখ্যামন্ত্রী খালেদ আবদেল গাফফার গিজা ও বেনি সুয়েফ গভর্নরেটের সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে জরুরি প্রস্তুতি জোরদারের নির্দেশ দেন। আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় চিকিৎসক, চিকিৎসাসামগ্রী ও অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করার নির্দেশনাও দেওয়া হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উদ্ধার ও আহতদের হাসপাতালে নেওয়ার কাজে ৫২টি অ্যাম্বুলেন্স অংশ নেয়। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, আহতদের মধ্যে ৫৪ জনকে আল-ওয়াসতা হাসপাতালে এবং ১০ জনকে আল-আয়াত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উদ্ধার ও তদন্ত শুরু

দুর্ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্ধার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করেছে। পাশাপাশি রেল চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেললাইন ও ট্রেনের কারিগরি অবস্থা পরীক্ষা করা হচ্ছে।

এ ঘটনায় মিশরের পাবলিক প্রসিকিউশন তদন্তের দায়িত্ব নিয়েছে। ক্রিমিনাল ইনভেস্টিগেশন বিভাগকে ঘটনাটি অনুসন্ধান এবং প্রত্যক্ষদর্শী ও আহতদের বক্তব্য গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

মিশরীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, রেলওয়ে কর্তৃপক্ষের প্রকৌশলীদের সমন্বয়ে একটি জরুরি কারিগরি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে রেললাইন, ট্রেনের বগি ও দুর্ঘটনাস্থল পরিদর্শন করে লাইনচ্যুত হওয়ার কারিগরি ও পরিচালনাগত কারণ নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছে।

২৪ বছর পর একই এলাকায় প্রাণহানি

আল-আয়াত এলাকায় ২০০২ সালেও ভয়াবহ একটি ট্রেন দুর্ঘটনা ঘটেছিল। আন্তর্জাতিক ও স্থানীয় গণমাধ্যমে ওই ঘটনা ‘আপার ইজিপ্ট ট্রেন দুর্ঘটনা’ নামে পরিচিত। ওইবার ট্রেনে আগুন লাগলে ৩৬১ জনের মৃত্যু হয় এবং আহত হন প্রায় ৬৬ জন। বগির ভেতরে আটকা পড়ে আগুনে পুড়ে অধিকাংশ হতাহতের ঘটনা ঘটে। এটি মিশরের রেলওয়ে ইতিহাসের অন্যতম ভয়াবহ দুর্ঘটনা হিসেবে বিবেচিত।

ওই দুর্ঘটনার পর তৎকালীন পরিবহনমন্ত্রী ইব্রাহিম আল-দেমেরি পদত্যাগ করেন। ২৪ বছর পর একই এলাকায় আবারও ট্রেন দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

Source: জাগো নিউজ২৪