সৌদি আরব থেকে দুবাই হয়ে দেশে ফেরার পথে নিখোঁজ হয়েছেন রফিকুল ইসলাম (৪০) নামের এক প্রবাসী শ্রমিক। ২৮ ফেব্রুয়ারি থেকে পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই।

রফিকুল জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সিধুলী ইউনিয়নের মদনগোপাল এলাকার প্রয়াত লাল মাহমুদ মন্ডলের ছেলে। তার স্ত্রী ও দুই মেয়ে রয়েছে। পাঁচ বছর আগে জীবিকার খোঁজে সৌদি আরবে যান তিনি; আল কাছিম শহরে মিনিস্টার বলোদিয়া কোম্পানির অধীনে একটি গ্যারেজে কাজ করতেন।

পরিবার জানায়, ঈদ পরিবারের সঙ্গে কাটাতে কোম্পানি থেকে ছুটি নেন রফিকুল। ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় সকাল ১১টায় আল কাছিম বিমানবন্দর থেকে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে দুবাই হয়ে দেশের পথে রওনা দেন তিনি। দুপুর ২টার দিকে বিমানটি সারজা বিমানবন্দরে নামে, কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তার কারণে দুবাই থেকে বাংলাদেশগামী ফ্লাইটটি বাতিল হয়ে যায়।

সেদিন বাংলাদেশ সময় ভোর ৪টা পর্যন্ত পরিবারের সঙ্গে তার কথা হয়েছিল। এরপর থেকে আর খোঁজ নেই; তার ইমো, ফেসবুক ও মেসেঞ্জার সবই অফলাইন দেখাচ্ছে। বাতিল হওয়া সেই ফ্লাইট ৪ মার্চ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামলেও রফিকুল বাড়ি ফেরেননি।

স্ত্রী মর্জিনা বেগম জানান, ২৮ ফেব্রুয়ারি সেহরির সময় স্বামীর সঙ্গে তার শেষ কথা হয়েছিল। আট দিন ধরে স্বামী কোথায়, কেমন আছেন, কিছুই জানেন না তারা। স্বামীকে ফিরিয়ে আনার ব্যবস্থা নিতে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আকুল আবেদন জানান।

বড় মেয়ে রাফিয়া ইসলাম বলেন, বাবার খোঁজ না পেয়ে পরিবার চরম দুশ্চিন্তায় আছে, একসঙ্গে ঈদ করার আশায় তারা বাবার সন্ধান চান। রফিকুলের ভাগ্নি জামাই, প্রবাসী ফরহাদ হাসানও তার খোঁজ বের করতে সরকারের কাছে আবেদন জানিয়েছেন।

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী জানান, একজন রেমিট্যান্স যোদ্ধার নিখোঁজ হওয়া দুঃখজনক; বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।