হজ-ওমরাহ পালনকারীদের যাতায়াত সহজ করতে মক্কায় নতুন একটি বিমানবন্দর তৈরির পরিকল্পনায় আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে সৌদি আরব।

রয়্যাল কমিশন ফর মক্কা সিটি অ্যান্ড হোলি সাইটস-এর প্রধান নির্বাহী কর্মকর্তা সালেহ আল-রশিদ জানান, প্রকল্পের কৌশলগত ও অর্থনৈতিক দিকনির্দেশনা চূড়ান্ত হয়েছে; আন্তর্জাতিক মান মেনে বিমানবন্দরটি গড়া হবে।

হার্ভার্ড বিজনেস রিভিউকে দেওয়া তার সাক্ষাৎকারের বরাতে সৌদি গেজেট জানায়, প্রকল্পটি হবে বেসরকারি খাতের অংশীদারত্বে। তবে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকেও নজর রাখা হচ্ছে।

সম্ভাব্যতা যাচাই শেষ হলেও সৌদি ভিশন ২০৩০ কর্মসূচির অংশ এ প্রকল্প এখনো প্রাথমিক পরিকল্পনা ও বিনিয়োগের পর্যায়ে, নির্মাণের সময়সূচি ঘোষণা হয়নি। এখন হজযাত্রীরা প্রায় ৮০ থেকে ৯০ কিলোমিটার দূরের জেদ্দা হয়ে মক্কায় যান; নতুন বিমানবন্দর হলে সে যাত্রার সময় অনেক কমবে।

আল-রশিদ জানান, মক্কা মেট্রোর প্রাথমিক নকশা ও সম্ভাব্যতা যাচাইও শেষ হয়েছে। ‘স্মার্ট মক্কা’ কর্মসূচিতে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে মসজিদুল হারামে ভিড় নিয়ন্ত্রণ করা হচ্ছে, আর জামারাত সেতু এলাকায় ব্যবহার হচ্ছে পূর্বাভাসভিত্তিক প্রযুক্তি।