মক্কার মিসফালায় পৌঁছানো বাংলাদেশি হজযাত্রীদের ফুল ও খেজুর দিয়ে বরণ করেছেন মক্কা বিএনপির নেতাকর্মীরা। ধর্মমন্ত্রী তোফাজ্জল হোসেন কায়কোবাদ ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এ আয়োজনে নেতৃত্ব দেন সভাপতি আবুল কালাম আজাদ।

উপস্থিত ছিলেন মক্কা যুব দলের সভাপতি সাইদুর রহমান সোহাগ, বিএনপির সাধারণ সম্পাদক ও মক্কা বাংলাদেশ হজ অফিসের কর্মকর্তা ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম এবং মক্কা যুব দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহাদাত হাসানসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

আবুল কালাম আজাদ জানান, মক্কা বাংলাদেশ হজ অফিস হজযাত্রীদের বাড়িভাড়াসহ সব কাজ শেষ করেছে; মিনা, মুজদালিফা ও আরাফাতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

হজযাত্রীদের সেবায় ৪০০ হজকর্মী নিয়োগ দিয়েছে বাংলাদেশ হজ অফিস। চলতি বছর বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জনের হজ পালনের কথা।