সৌদি আরবে কাজ করতে যাওয়া জামালপুরের এক তরুণের ২২ দিন ধরে কোনো খোঁজ নেই। মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের আব্দুর রাজ্জাকের ছোট ছেলে রুবেল মন্ডল (২১) গত ১৬ এপ্রিল বিকেল থেকে নিখোঁজ। তার সন্ধান না পেয়ে চরম দুশ্চিন্তায় রয়েছে পরিবার।
স্বজনেরা জানান, চলতি বছরের ২৭ জানুয়ারি এলাকার এক দালালের মাধ্যমে, ইরাকি এয়ারওয়েজ এজেন্সি হয়ে রুবেল সৌদি আরবে যান। সেখানে তিনি মক্কার একটি বেসরকারি ক্লিনিকে কাজ নেন, প্রায় প্রতিদিন বাড়িতে কথা বলতেন এবং বেতনের টাকাও পাঠাতে শুরু করেছিলেন।
১৬ এপ্রিল বিকেল ৪টার দিকে মা মনোয়ারার সঙ্গে ভিডিও কলে তার শেষ কথা হয়। এরপর থেকে তার ইমো, ফেসবুক ও মেসেঞ্জারসহ সব যোগাযোগমাধ্যম বন্ধ পাওয়া যাচ্ছে।
মঙ্গলবার (৫ মে) দুপুরে রুবেলের বাড়িতে গেলে মা মনোয়ারা বেগম কাঁদতে কাঁদতে ছেলের সন্ধান চান। তিনি বলেন, ছেলে কোথায়, কেমন আছে—কিছুই জানেন না তারা; ‘সরকারের কাছে আমার ছেলের খোঁজ চাই।’
চার ভাইয়ের মধ্যে রুবেল সবার ছোট বলে জানান বড় ভাই মঞ্জুরুল ইসলাম। ভাই কোথায় ও কী অবস্থায় আছেন, তা জানতে প্রবাসী মন্ত্রণালয় ও সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের কাছে আবেদন জানিয়েছেন তিনি। চাচাতো ভাই শাহআলম ইসলাম লালনও দ্রুত রুবেলের সন্ধান দাবি করেন।
মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি রুবেলের নিখোঁজ হওয়ার কথা জেনেছেন। পরিবারকে দূতাবাসে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে জানান তিনি।






