চলতি ১৪৪৭ হিজরির হজে আরাফাতের ময়দানে খুতবা দেবেন শেখ আলি বিন আবদুর রহমান আল হুজাইফি, যিনি মদিনা মুনাওয়ারার খ্যাতিমান ইমাম ও খতিব। মক্কার গ্র্যান্ড মসজিদ এবং মদিনার মসজিদে নববির কর্তৃপক্ষ জানায়, বাদশাহ সালমান বিন আবদুল আজিজের নির্দেশে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
হজের দিন মঙ্গলবার (২৬ মে) আরাফাতের পশ্চিম প্রান্তের ঐতিহাসিক মসজিদ আল নামিরা থেকে তিনি খুতবা দেবেন, জোহর ও আসরের নামাজেও তিনিই ইমামতি করবেন।
জিলহজের ৯ তারিখ ‘ইয়াওমে আরাফা’—এদিন আরাফাতে অবস্থান হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা, যখন বিশ্বের নানা দেশের লাখো মুসল্লি সেখানে জড়ো হন। প্রতিবছরের মতো এবারও খুতবাটি নানা ভাষায় তর্জমা করে সরাসরি প্রচার করবে সৌদি সরকার।






