সৌদি আরবে হজে গিয়ে আরও তিন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন, একজন মক্কায় ও দুজন মদিনায়। মক্কার বাংলাদেশ হজ অফিস শুক্রবার (২২ মে) সকালে জানায়, এ নিয়ে এ বছর ২১ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো, যাদের ১৫ জন পুরুষ, ৬ জন নারী।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার সুলতানা চৌধুরী (৭৯) মক্কায় এবং সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মো. জাকির হোসেন (৬২) ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মো. কামাল হোসাইন (৬১) মদিনায় মারা যান। তিনজনেরই মৃত্যু স্বাভাবিক বলে জানিয়েছে হজ অফিস।
সরকারি বুলেটিন অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত বাংলাদেশ থেকে ১৯৯টি ফ্লাইটে মোট ৭৭ হাজার ৪৩২ জন হজযাত্রী নিরাপদে জেদ্দা, মক্কা ও মদিনায় পৌঁছেছেন। এর মধ্যে ৪ হাজার ৪৬৪ জন সরকারি ও ৭২ হাজার ৯৬৮ জন বেসরকারি ব্যবস্থাপনার।
মক্কা ও মদিনার চিকিৎসাকেন্দ্র থেকে এ পর্যন্ত ৪৩ হাজার ৪৪০টি স্বয়ংক্রিয় ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে, আর আইটি হেল্পডেস্ক থেকে হজযাত্রীরা পেয়েছেন ২০ হাজার ২৮৮টি ডিজিটাল সেবা। মঙ্গলবার (২৬ মে) আরাফাতের ময়দানে অবস্থানের মধ্য দিয়ে হবে হজের মূল আনুষ্ঠানিকতা।






