হজযাত্রীদের চলাচল সহজ ও নিরাপদ করতে মদিনার ঐতিহাসিক কুবা মসজিদ প্রাঙ্গণে চালকবিহীন রোবোবাস চালু করেছে সৌদি পরিবহন কর্তৃপক্ষ। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সেন্সরনির্ভর পরিবেশবান্ধব এই বাস পুরোপুরি স্বয়ংক্রিয়ভাবে চলে।
প্রতিটি বিদ্যুৎচালিত রোবোবাসে একসঙ্গে সর্বোচ্চ ২০ জন যাত্রী উঠতে পারেন। উন্নত লিডার প্রযুক্তি, এআই ও ৩৬০ ডিগ্রি ক্যামেরার সাহায্যে মানুষের হস্তক্ষেপ ছাড়াই ভিড়ের মধ্যে নিরাপদে চলতে পারে বাসগুলো।
আপাতত প্রায় ৭০০ মিটারের নির্দিষ্ট পথে পরীক্ষামূলকভাবে চলছে রোবোবাস; দক্ষতা ও যাত্রী সুরক্ষা যাচাইয়ে নেওয়া হয়েছে ৬০ দিনের পরীক্ষামূলক প্রকল্প। ভিশন ২০৩০-এর আওতায় স্মার্ট ও টেকসই পরিবহনব্যবস্থার অংশ এ উদ্যোগ পবিত্র স্থানগুলোতে হাজিদের চলাচল আরও স্বাচ্ছন্দ্যময় করবে বলে আশা করা হচ্ছে।






