হজ মৌসুম শেষ হতেই আবার ওমরাহ ভিসার আবেদন নেওয়া শুরু করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, নতুন মৌসুমের ওমরাহ ভিসা দেওয়া শুরু হয়েছে ৩১ মে, সেদিন থেকেই বিভিন্ন দেশের ওমরাহযাত্রীরা দেশটিতে ঢুকতে পারছেন।

ওমরাহ পালনকারীরা সরকারি নুসুক অ্যাপ থেকে মক্কায় প্রবেশের অনুমতি ও ওমরাহ পারমিট নিতে পারবেন। সৌদি সরকারের সমন্বিত এই ডিজিটাল প্ল্যাটফর্মে বুকিংসহ ওমরাহর নানা সেবাও মিলবে।

মন্ত্রণালয় জানায়, নতুন মৌসুমে ওমরাহ ভিসা দেওয়ার শেষ দিন আগামী বছরের ৯ মার্চ, অর্থাৎ ১৪৪৮ হিজরির ১ শাওয়াল। তবে ওমরাহযাত্রীরা সৌদি আরবে ঢুকতে পারবেন ২৩ মার্চ পর্যন্ত।

ভিশন ২০৩০-এর আওতায় হজ ও ওমরাহ সেবা আধুনিক করতে ইলেকট্রনিক পারমিট, স্বয়ংক্রিয় চুক্তি প্রক্রিয়া, কিউআর কোড যাচাই এবং পরিবহন ও আবাসন অবকাঠামো সম্প্রসারণের মতো উদ্যোগ নিয়েছে সৌদি আরব। কর্তৃপক্ষ আশা করছে, এবার আরও বেশি মুসল্লি সহজে ওমরাহ পালন করতে পারবেন।