সৌদি আরবের রিয়াদে উটের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে লক্ষ্মীপুরের দুই প্রবাসী বন্ধু নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে রোববার রাতে, আর সোমবার (১ জুন) দুপুরে তাদের মৃত্যুর খবর পায় পরিবার।

নিহত হারুনুর রশিদ হারুন ও রাসেল হোসেনের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী এলাকায়। পরিবার ও স্থানীয় সূত্র জানায়, জীবিকার প্রয়োজনে ঘনিষ্ঠ এই দুই বন্ধু অনেক দিন ধরে সৌদি আরবে ছিলেন।

মোটরসাইকেলে রিয়াদের একটি সড়ক দিয়ে যাওয়ার সময় উটের সঙ্গে ধাক্কা লেগে দুজনই গুরুতর আহত হন, স্থানীয়রা হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মরদেহ এখন সেখানকার হাসপাতালের মর্গে; দ্রুত দেশে আনতে রিয়াদের বাংলাদেশ দূতাবাস ও সরকারের হস্তক্ষেপ চেয়েছে পরিবার।