সৌদি আরবে প্রিমিয়াম রেসিডেন্সি হোল্ডারদের এখন থেকে আলাদা ওয়ার্ক পারমিট নিতে হবে, ফি ১০০ সৌদি রিয়াল। শ্রমবাজার ব্যবস্থাপনার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘কিউয়া’ নতুন নির্দেশনায় এ কথা জানিয়েছে।
মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে চলা কিউয়া প্রতিষ্ঠান নিবন্ধন, প্রশিক্ষণ চুক্তি, পদত্যাগ ও ভিসাসহ শ্রমবাজারের নানা সেবা দেয়। প্ল্যাটফর্মটি জানিয়েছে, কোম্পানির আকার এবং ইউনিফায়েড নম্বরের অধীনে নিবন্ধিত কর্মীর সংখ্যা দেখে প্রতিষ্ঠানের সাবস্ক্রিপশন ফি ঠিক হবে।
‘তামহীর’ কর্মসূচির প্রশিক্ষণ চুক্তি এখন অনলাইনে নিবন্ধন করা যাবে, তবে তা সৌদিকরণের হিসাবে বা চলমান কর্মসংস্থান-বাধ্যবাধকতায় গণ্য হবে না। সেবা ফি দেওয়া যাবে ব্যাংক কার্ড, সাদাদ পেমেন্ট সিস্টেম ও কিউয়া ডিজিটাল ওয়ালেটে।
পদত্যাগের নিয়মে বলা হয়েছে, নিয়োগকর্তা আবেদনটি গ্রহণ বা স্থগিত না করে থাকলে জমার সাত দিনের মধ্যে কর্মী পদত্যাগপত্র ফিরিয়ে নিতে পারবেন; তবে চুক্তিভেদে নোটিশ পিরিয়ড ভিন্ন হতে পারে। ভিসা একবার ইস্যু হলে তথ্য আর বদলানো যাবে না; ভুল থাকলে ভিসা বাতিল করে নতুন আবেদন করতে হবে।






