তীব্র গরমের কারণে সৌদি আরবে বেসরকারি খাতের সব প্রতিষ্ঠানে দুপুরে সরাসরি রোদের নিচে কাজ করানো নিষিদ্ধ করা হয়েছে। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এক ঘোষণায় জানিয়েছে, ১৫ জুন শুরু হওয়া এই নিষেধাজ্ঞা চলবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

ঘোষণা অনুযায়ী, প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা আকাশের নিচে কোনো কাজ করানো যাবে না। কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষা এবং গরমজনিত পেশাগত ঝুঁকি কমাতে জাতীয় পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য কাউন্সিলকে সঙ্গে নিয়ে সিদ্ধান্তটি কার্যকর করছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের ভাষ্য, প্রতিষ্ঠানগুলো আগের চেয়ে সচেতন হওয়ায় এবং নিয়ম মানার প্রবণতা বাড়ায় গত কয়েক বছরে এ নিষেধাজ্ঞার ভালো ফল মিলেছে। ২০২৫ সালে নিয়মটি মানার হার ছিল ৯৪ শতাংশ।

নিয়োগকর্তাদের এই সময়সূচির সঙ্গে মিলিয়ে কর্মঘণ্টা ঠিক করতে বলা হয়েছে। পর্যাপ্ত খাবার পানি, বিশ্রাম ও ছায়ার ব্যবস্থা, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) সরবরাহ এবং হিট স্ট্রোকের ঝুঁকি ও তা ঠেকানোর উপায় নিয়ে কর্মীদের সচেতন করার তাগিদও দেওয়া হয়েছে। গরমের দিনে কর্মীদের শারীরিক অবস্থার দিকে নজর রাখতেও নিয়োগকর্তাদের উৎসাহ দিয়েছে মন্ত্রণালয়।

মালিকপক্ষ ও পেশাগত নিরাপত্তা বিশেষজ্ঞদের জন্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে একটি নির্দেশিকাও রাখা হয়েছে, যাতে রোদে কাজের কারণে দুর্ঘটনা ও অসুস্থতা কমে। নিয়ম ভাঙার কোনো ঘটনা চোখে পড়লে মন্ত্রণালয়ের ইউনিফাইড কল সেন্টারের ১৯৯১১ নম্বরে ফোন করে কিংবা স্মার্টফোন অ্যাপের মাধ্যমে জানাতে সাধারণ মানুষকে অনুরোধ করা হয়েছে।