সৌদি আরবে কোনো প্রবাসী কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ তিন মাসের বেশি আগে ফুরিয়ে গেলে বুধবার (১ জুলাই) থেকে তাঁকে নিয়োগকর্তার প্রতিষ্ঠানের রেকর্ড থেকে স্বয়ংক্রিয়ভাবে সরিয়ে দেওয়া শুরু হবে। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের অধীন কিওয়া প্ল্যাটফর্ম এ নির্দেশনা দিয়েছে।
কিওয়া জানিয়েছে, নিয়োগকর্তারা মঙ্গলবার (৩০ জুন) পর্যন্ত কর্মীদের পারমিট নবায়ন করতে কিংবা অন্য প্রতিষ্ঠানে তাঁদের সেবা হস্তান্তর করতে পারবেন। এরপর তিন মাসের বেশি সময় নবায়ন না হওয়া পারমিটধারীরা প্রতিষ্ঠানের তালিকা থেকে আপনা-আপনি বাদ পড়বেন।
তবে বৈধ পারমিট ছাড়া কর্মীকে যত দিন কাজে রাখা হয়েছে, এ সময়ের বকেয়া ফিসহ যাবতীয় আর্থিক দায় থাকবে নিয়োগকর্তার ঘাড়েই। তাই সময়সীমার আগেই কর্মীদের কাগজপত্র ঠিক করে নিতে নিয়োগকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছে কিওয়া।
একটি ব্যতিক্রমও রাখা হয়েছে। পারমিটের মেয়াদ শেষ হলেও কর্মীর ইকামার (বসবাসের অনুমতি) মেয়াদ অন্তত ১৮০ দিন বাকি থাকলে নবায়ন না হলেও তাঁকে রেকর্ড থেকে সরানো হবে না। আর ইকামার মেয়াদ ১৮০ দিনের কম থাকলে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা এড়াতে নিয়োগকর্তাকে ইকামা ও ওয়ার্ক পারমিট একসঙ্গে নবায়ন করতে হবে।
বকেয়া ফি দ্রুত পরিশোধ করে কর্মীদের পারমিট নবায়ন অথবা অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরের মাধ্যমে আইনি জটিলতা ও বাড়তি আর্থিক দায় এড়াতে নিয়োগকর্তাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে প্ল্যাটফর্মটি।






